ইন্দ্রাণী মল্লিক
সুকন্যা আমীর একজন সংবাদকর্মী। দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ ছয় বছর ধরে প্রতিবেদক হিসেবে কাজ করছেন। প্রতিবছরই তিনি বইমেলার সংবাদ সংগ্রহ করার জন্য আসার সুযোগ পেয়েছেন। তিনি একজন পাঠকও। পাঠক হিসেবে সবার বই কমবেশি পড়তে পছন্দ করেন। মেলা সম্পর্কে ধারণা নিয়ে একদম শেষের দিকে সংগ্রহ করেন বই। কাজের সূত্রে প্রায় প্রতিদিনই বই মেলায় আসেন। তাই প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হয় তার। প্রতিদিনই কথা হয় বিভিন্ন লেখক ও পাঠকদের সাথে।
সুকন্যা জানালেন, একজন সাংবাদিক হিসেবে তার কাছে সবাই সমান। তাদের কাজ মেলায় আসা দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা, তাদের বক্তব্য জনসম্মুখে তুলে ধরা।
ফেব্রুয়ারি মানেই বাঙালির কাছে ভাষার মাস, বইয়ের মাস। ফেব্রুয়ারীর শুরুতে শুরু হয় বইমেলা, চলে মাসজুড়ে। লেখক, প্রকাশক, পাঠকের পাশাপাশি আরও নানান পেশার মানুষ মেলায় আসেন নিয়মিত। নিজের কাজের ফাঁকে তারাও চেষ্টা করেন বইমেলা ঘুরে দেখতে। এদের মধ্যে একটি পেশার মানুষ থাকেন, যাদের প্রধান কাজ মেলা ঘুরেঘুরে মেলার তথ্য সংগ্রহ করা। বইমেলার খুঁটিনাটি সব তথ্য আমাদের কাছে পৌঁছে দেন যে মানুষগুলো, তারাই সংবাদকর্মী।
এটিএন নিউজের দুইজন রিপোর্টার সাজিদা সুইটি এবং সম্রাট আনোয়ার। এসেছেন বইমেলার সংবাদ সংগ্রহ করতে। তারা প্রতিদিনই বইমেলার সংবাদ সংগ্রহ করছেন। পাঠকদের সাথে কথা বলে তারা মনে করছেন, এবার ক্রেতাদের মাঝে বইয়ের দাম বৃদ্ধিতে বেশ হতাশা দেখা যাচ্ছে।
পাঠক হিসেবে তাদের পর্যবেক্ষণ, বাংলার মানুষ এখনও হুমায়ূন আহমেদ থেকে বের হতে পারেনি। তার বিকল্প আসলে কেউ নেই এবং কেউ খুঁজছেও না। তরুণ বেশ কয়েকজন লেখকও বেশ সাড়া ফেলেছেন এবারের বই মেলায়। করোনার কারণে বিগত দুইবছর বইমেলা না হওয়াতে এবারের বইমেলা থেকে তারা ভালো কিছুর আশা করছেন।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও সাংবাদিক আকাশ। মেলায় ঘুরেঘুরে তিনি বইমেলার ফুটেজ সংগ্রহ করছেন । জানালেন, এবার বইমেলার জনসমাগম বিগত বছরগুলোর তুলনায় বেশ ভালো। তিনি বেশ উপভোগ করছেন কাজ করে। একইসঙ্গে তিনি এখন পর্যন্ত দুইজন নবীন লেখকের বইও সংগ্রহ করেছেন।
আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাজমুল হাসান সাগর বইমেলায় নিজের কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘সংবাদকর্মী হিসেবে দীর্ঘ সময় বইমেলা কাভার করেছি। এবার সেটা করছি না। তবে,পাঠক ও দর্শনার্থী হিসেবে এবার মেলা দেখছি। ভালোই লাগছে। বড় পরিসরে অনেক স্টল নতুন-পুরনো। তবে কিছু পরিচিত ও নামকরা প্রকাশনী এবার স্টল পায়নি। এটা নিয়ে একটু অস্বস্তি আছে আমার মধ্যে। কিছু বই কেনার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে অনুসন্ধানী সাংবাদিক নুরুজ্জামান লাবুর ‘হলি আর্টিজান – একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ বইটি কিনেছি। গীতিকার ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলীর ‘নূর’ বইটি কিনব।’
তবে বইমেলার সংবাদ সংগ্রহ নিয়ে অনেকের তিক্ত অভিজ্ঞতাও আছে। সাগর অভিযোগ করে বলেন, ‘দিনশেষে বাংলা একাডেমির কাছ থেকে সারাদিনের তথ্য পেতে দেরি হয়। এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা পোহাতে হয়।’
সংবাদকর্মীদের জন্য আলাদা পানি, টয়লেট বা ইন্টারনেট সুবিধার দাবিও জানান তারা। কিছু অসুবিধা থাকলেও, একইসাথে পাঠক এবং সংবাদকর্মী হিসেবে বইমেলার সংবাদ সংগ্রহ করা তাদের কাছে বেশ উপভোগ্য বলেই মনে করেন তারা।


