আরাফাত হোসেন তপদার
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল কাজ,অ্যাসাইনমেন্ট ও ভালো ফলাফলের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। ফলাফল,দক্ষতা,ক্লাস পারফরম্যান্স,সহশিক্ষা কার্যক্রম,সৃজনশীলতার ভিত্তিতে মোট ১৯ টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে রঙিন ও বর্ণিল সাজে সাজানো হয় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন “আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উপর জোর দিতে চাই। এমন একটি সংগঠিত আয়োজন দেখে আমি আনন্দিত।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন “ভবিষ্যতেও যেন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে।” এরপর একে একে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন তিনি।


এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলেন মনে করেন শিক্ষকরাও। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারিয়া জাহান বলেন ‘ফালাবর্তন শুধু পুরস্কার প্রদানের আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার একটি সুন্দর উদ্যোগ। এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।’

এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও উচ্ছ্বাস দেখা যায়। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৮৩ তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা হালদার বলেন ‘এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে শুধু একাডেমিক ফলাফল নয় সৃজনশীলতা, অ্যাসাইনমেন্ট ও শিক্ষার্থীদের নানা প্রতিভাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার বাইরেও সৃজনশীল কাজে উৎসাহিত করবে’

অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মাতিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাগণ।