হোয়াইট হাউজের খুব কাছে বাইডেন

আন্তর্জাতিক

তপন মাহমুদ লিমন
তীরে এসে তরী না ডুবলে, হোয়াইট হাউজের প্রায় দরজায় পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, নেভাদায় জিতলেই সেখানকার ৬টি ইলেক্টোরাল ভোট জিতে তিনি পৌঁছে যাবেন ম্যাজিক ফিগার ২৭০-এ। একই সাথে জর্জিয়াতে ব্যবধান কমে আসায়, সেখানেও আশা দেখছেন ডেমোক্রাটরা।

নেভাদায় পপুলার ভোটে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বাইডেন। ভোট গণনা হয়েছে ৮৪ শতাংশ। তবে, নেভাদার ফলাফল পেতে ১০ নভেম্বর লেগে যেতে পারে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, যেসব ব্যালট ৩ নভেম্বরের মধ্যে পোস্ট করা হয়েছে, গণনা করার জন্য তা ১০ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে।

সর্বশেষ ফলাফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ আর ট্রাম্পের ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

এখন পর্যন্ত পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় ফলাফল চূড়ান্ত হয়নি।

ফক্স নিউজের হিসেবে, জর্জিয়াতে মাত্র ১৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। তবে সিএনএন বলছে, ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।

ফক্স নিউজ জানাচ্ছে, পেনসিলভানিয়ায় ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইতোমধ্যে ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

নর্থ ক্যারোলাইনাতে ডোনাল্ড ট্রাম্প এর জয়ের সম্ভাবনাই বেশি। এখানে প্রায় ৭৬ হাজার ভোটেে এগিয়ে আছেন তিনি। ভোট গণনা হয়েছে ৯৪ শতাংশ।

তবে, বাইডেন সমর্থকদের চোখ এখন নেভাদা আর জর্জিয়ার দিকে। যেকোন একটিতে জয় পেলেই হোয়াইট হাউজের দরজা খুলে যাবে জো বাইডেনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *