রাজধানীতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও বিশ্ব নারী উদ্যোক্তা দিবস পালন

ক্যারিয়ার তারুণ্যের ভাবনা

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম

নিজের উদ্যোগে গড়ে তুলছেন ব্যবসা, তৈরি করছেন নানা ধরনের পণ্য। কেউ কাজ করছেন দেশীয় ঐতিহ্য নিয়ে, কেউ আবার নতুন করে শুরু করেছেন ব্যবসার পথচলা। তাঁদের কাজ, সাফল্য ও সম্ভাবনাকে তুলে ধরতে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী আয়োজন করেছে পাওয়ার অব শি ট্রাস্ট।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ আয়োজন চলে। এতে নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা নিয়ে অংশ নেন। পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসার অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান তাঁরা। দিনের শুরুতে ছিল অনিন্দ্য মাহাদির পরিচালনায় সংগীত থেরাপি। এতে অংশ নেন মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞরা। পরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ‘জয়া প্রেজেন্টস উইমেন হেলথ অ্যাওয়ারনেস আওয়ার’ শীর্ষক আলোচনা অধিবেশন।

এতে নারীদের প্রজননস্বাস্থ্য, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা শুমি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. খন্দকার শেনিলা তাসনিম এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইনফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকটিভ মেডিসিন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী। অধিবেশনটি সঞ্চালনা করেন একই হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওয়ালিজা রুকসানা হক।

আলোচনায় চিকিৎসকেরা নারীদের হরমোনজনিত পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি, প্রজননস্বাস্থ্য ও গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরেন। তাঁরা জানান, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ওপর গুরুত্ব দেন তাঁরা। বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকিও আলোচনায় উঠে আসে।

নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের আয়োজনে ছিল ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’। এর আওতায় নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তাকে মাত্র দুই হাজার টাকায় একটি করে স্টল বরাদ্দ দেওয়া হয়। এসব স্টলে তাঁরা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। পাশাপাশি ১৭ জন অভিজ্ঞ নারী উদ্যোক্তা তাঁদের পণ্য ও সেবা নিয়ে অংশ নেন। নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও প্রসারের পাশাপাশি পণ্যের পরিচিতি বাড়ানো এবং বাজার সম্প্রসারণে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান ও কেক কাটা পর্ব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান, আইবিএর অধ্যাপক ও ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনায়েদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, হেরিটেজ বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ সাংবাদিক ও হাল ফ্যাশনের কনসালট্যান্ট সাইফুর রহমান এবং এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা।

অনুষ্ঠানে জামালপুরের নারী উদ্যোক্তা হেনা খাতুনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নকশিকাঁথা নিয়ে কাজ করে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম ও সঙ্গীতা খান। সংগীত পরিবেশন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জারিন সুভা।

দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তা, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, আর্থিক ও উন্নয়ন খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীরা অংশ নেন। দর্শনার্থীরা নারী উদ্যোক্তাদের পণ্য দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ পান। রাত সাড়ে ১০টায় শেষ হয় আয়োজন।

পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারপারসন সাবিনা সাবি জানান, ২০১৭ সাল থেকে সংগঠনটি নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের বিকাশ এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে। প্রশিক্ষণ, প্রদর্শনী, উদ্যোক্তা সম্মেলন ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন বাজার তৈরিতে সহযোগিতা করে আসছে ট্রাস্টটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *