যুক্তির মঞ্চে স্টামফোর্ডের বিজয়ের হাসি

শিক্ষা

মালিহা চৌধুরী

ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত টেলিভিশন ছায়া সংসদ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সরকারি দল হিসেবে এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে।

যুক্তি, তথ্য-উপাত্ত ও উপস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে প্রতিযোগিতায় বিজয় অর্জন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

বিতর্কে অংশগ্রহণকারী উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। বিচারকরা যুক্তির গভীরতা, তথ্যের যথার্থতা, উপস্থাপনার দক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ী দলের সদস্য ফাইজা নুহান বলেন, ‘ডিবেট ফর ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা আমার জীবনের প্রথম টেলিভিশন ছায়া সংসদ বিতর্ক। শুরুতে স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস ছিলাম। তবে এই অর্জন আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে আমি এখনো সন্তুষ্ট নই। এখনো শেখার অনেক বাকি, পরিশ্রমও অনেক বাকি।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে নিজেকে আরও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে চান।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিতর্ক ক্লাবের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তাদের মতে, এই বিজয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *