নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তিনটি মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশা চালক-মালিকেরা।
সোমবার (০৮ জুলাই) সকাল ৭টা থেকে তারা মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে সকালে রিকশাচালক-মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গত ৩ জুলাই রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
