নূর মোহাম্মদ ও তাহমিদ আফসার:
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাসহ পেনশন প্রথা চালুর দাবীতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচী পালন করছে বাংলাদেশে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। গত ১৪ই জুলাই থেকে এ কর্মসূচি পালন করছে তারা।
মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মিছিল শেষে এসোসিয়েশনের সভাপতি আলীম মোল্লা সাংবাদিকদের বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দেয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’’তিনি আশাবাদ ব্যক্ত করেন, অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবী-দাওয়া পূরণ করবেন।
এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘‘সামনে কোরবানীর ঈদ, দরকার হলে ঈদের নামাজ এখানেই পড়বো। তবুও চূড়ান্ত সিদ্ধান্ত শুনেই ঘরে ফিরবো’’
অবস্থান কর্মসূচিতে জানানো হয়, সারাদেশে মোট ৩২৮ টি পৌরসভার ৩২ হাজার ৫০০ কর্মকর্তা কর্মচারী বেতন কাঠামো মেনে বেতন ভাতা পাচ্ছেন না। এমনকি নিয়মিত বেতন দেয়া হয় না বলেও অভিযোগ করা হয়।
পৌরসভা সার্ভিস কমিশনের ধর্ম বিষয়ক সম্পাদক জামশেদ আলী জানান, ২২৬ টি পৌরসভার কোনো কোনোটিতে চার পাঁচ মাসে একবার বেতন প্রদান করা হয়। ৩৭ টি পৌরসভার কর্মকতা কর্মচারীদের বেতন হলেও, পূর্নাঙ্গ সুবিধা পাচ্ছেন না। ১৬৩ টি পৌরসভাতে ১২ হাজার ৪০০ কর্মকর্তা কর্মচারীদের ৭৮ মাসের বেতন ভাতা বকেয়া আছে।
