ফেসবুক ও আমাদের বইবিমুখতা

তারুণ্যের ভাবনা

তানভীর সিদ্দিক টিপু:

যারা নিজের মতো করে সময়কে উপভোগ করতে চান তাদের অনেকেরই প্রথম পছন্দ বই । ছোটবড় সকলেই কমবেশি বই পড়েন । বয়স কিংবা পছন্দভেদে একেকজনের পছন্দের তালিকায় থাকে একেকরকম বই । কিন্তু বই নিয়েই যাদের দিনের প্রায় পুরোটা সময় চিন্তা করতে হয় তারা হলেন শিক্ষার্থী । তবে, নির্মম শোনালেও, তাদের অনেকের কাছে বই মানে আতঙ্ক, বই মানে গাদাগাদা ছাপার অক্ষর!

এর ব্যতিক্রমও আছে । শিক্ষার্থীদের কেউ কেউ এই ভয়কে জয় করে পাঠ্যক্রমের বাইরের বইকে আপন করে নিয়েছেন । স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ‘ম্যাস কমিউনিকেশন’ কোর্সের অধিনে ‘বইপড়ার প্রতি তরুণ সমাজের আগ্রহ’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপে দেশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সেখানে ২৯ জন ছেলে এবং ২৪ জন মেয়ে ছিলেন যাদের সবার বয়স ১৪ থেকে ৩০ বছরের মধ্যে । তাদেরকে বইপড়া সম্পর্কিত ১৪টি প্রশ্ন করা হয়েছিল । সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণঃ করে তরুণ সমাজের বইপড়াবিমুখতার বেশকিছু কারণ খুঁজে পাওয়া গেছে।

তরুণদের ৫৪ শতাংশই মনে করেন, বইপড়াবিমুখতার মূল কারণ ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার । এর পরেই অনলাইন গেইম, ওয়েব সিরিজসহ বিনোদন মাধ্যমের সহজলভ্যতাকে দায়ী করছেন তারা। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে বইপড়ার সংস্কৃতি গড়ে না তোলা, শুধু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বই পড়তে উৎসাহী করা এবং স্কুল পর্যায় থেকে বইপড়ার শিক্ষা না দেওয়াকে অন্যতম কারণ মনে করছেন অনেক শিক্ষার্থী।

খুব কম সময়ে অল্প পরিশ্রমে বিনোদন খোঁজ করেন অনেকে, ফলে গভীরভাবে কোন বিষয় পড়ার মানসিকতা হারিয়ে ফেলেন তারা। ফলে, মানসম্মত নতুন লেখকও তৈরি হচ্ছে না।

পড়ার চাইতে অনেক বেশি ভিজুয়ালমুখী হয়ে উঠছে সবাই, সাথে রয়েছে ইন্টারনেটের সহজলভ্যতা। পড়ার জন্য দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে হয়, অথচ সোশ্যাল মিডিয়াতে তার থেকে অনেক কম মনোযোগ দিয়ে ব্যবহার করা যায় । অনেক সময় বিভিন্ন বন্ধুদের দলে দেখা যায় একজন বা দুইজন বাদে কেউ বই পড়েন না, ফলে তাদের সাথে মিশে বাকিরাও বইপড়া থেকে দূরে সরে যান। একজন হয়তো রসিকতা করেই লিখেছেন, ‘আগে অবসরে বই পড়তাম এখন ফেসবুকে মানুষের প্রোফাইল,স্টাটাস আর বার্তা পড়ি’

লেখক: শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *