সৌরভ গোস্বামী:
রাজধানীসহ সারাদেশে ডেংগুর প্রকোপ বেড়েই চলেছে প্রতিনিয়ত। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের দেয়া সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২৭৮ জন। যার মধ্যে শুধু ঢাকায় নতুন রোগীর সংখ্যা ২৫৭ জন এবং বাকী ২১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরে।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২০৬ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১১১৯ জন, বাকী ৮৭ জন অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২০ই আগষ্ট পর্যন্ত সর্বমোট ৭৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৬৫০৯ জন। এখনও পর্যন্ত মারা গেছেন ৩৫ জন।
এদিকে আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। এরই মধ্যে রাজধানীর শিশু হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তির তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ২০১৯ সালে একদিনে সর্বোচ্চ ৬৯ জন নতুন রোগী ভর্তির রেকর্ড ছিল হাসপাতালটির। রেকর্ড ভেঙে যা এখন ৭৬ জনে গিয়ে ঠেকেছে।
