মোঃ আল আমিন তুষার:
কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের হার কমছে। গত ৫১ দিনের মধ্যে সর্বনিম্ন ১২০ জন মারা গেছে সবশেষ ২৪ ঘণ্টায়। এসময় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন।
২১ আগস্ট (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে।
গত ২৪ ঘন্টায় সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন।
বিভাগীয় ভাবে সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে ৪০ জন। এর পর চট্টগ্রামে ২৭ জন, খুলনায় ১৫ জন, সিলেট বিভাগে ১৩ জন, রাজশাহীতে ৯ জন, রংপুর বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে ছয় জন এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৭,৬৬৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩ দশমিক ১ শতাংশ। যা গতকাল এর থেকে ০.৩৬ শতাংশ বেশি।
