ডেস্ক রিপোর্ট
ডিজিটাল কন্টেন্টের বাণিজ্যিক সম্ভাবনা, কন্টেন্টের বিক্রয়যোগ্যতা এবং গণমাধ্যমের ব্যবসায়িক কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সেশনে অতিথি হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের হেড অব ডিজিটাল বিজনেস রবিউল ইসলাম রানা। কোর্সটির মূল ফ্যাকাল্টি অমিত হাসান রবিনের উদ্যোগে সেশনটি আয়োজিত হয়।
সেশনে ডিজিটাল কন্টেন্টের বাণিজ্যিক মূল্য কীভাবে তৈরি হয়, কোন বিষয়গুলো একটি কন্টেন্টকে দর্শক ও পাঠকের কাছে আকর্ষণীয় করে তোলে এবং কীভাবে সেই কন্টেন্ট গণমাধ্যমের জন্য আয়ের সুযোগ তৈরি করতে পারে ,এসব বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি, দর্শক-শ্রোতার মনোযোগ, কন্টেন্টের প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, এনগেজমেন্ট এবং বিজ্ঞাপনদাতার চাহিদার সঙ্গে কন্টেন্টের সামঞ্জস্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষার্থীদের তাত্ত্বিক ধারণাকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে সেশনে একটি ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের ধারণা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে কন্টেন্টের বাণিজ্যিক সম্ভাবনা চিহ্নিত করার চেষ্টা করেন। তাদের অংশগ্রহণ, উপস্থাপনা এবং আলোচিত বিষয়গুলোর বাস্তব প্রয়োগ ছিল উল্লেখযোগ্য।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা গণমাধ্যমশিল্পের বাস্তব চাহিদা, ডিজিটাল কন্টেন্টের ব্যবসায়িক গুরুত্ব এবং ভবিষ্যৎ পেশাজীবনে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আরও বাস্তবসম্মত ধারণা লাভের সুযোগ পান।