জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তাঁর সৃষ্টির যে প্রাচুর্য তা অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও নজরুলের প্রধান পরিচয় তিনি কবি। বিশেষ করে উনিশ শতকের মাঝামাঝি সময়ের কবিতাপ্রেমী মানুষদের কাছে নজরুলের কবিতা শক্তির উৎস হিসেবে কাজ করেছে। নজরুলের বিদ্রোহী কবিতাগুলো কখনো মানুষকে বিদ্রোহী করে তুলেছে, আবার কখনো তার প্রেমের কবিতা মানব মনকে বানিয়েছে প্রেমিক। প্রেম কিংবা বিদ্রোহ মূলত তারুণ্য নির্ভর। সেই তরুণদের কাছে নজরুল কেমন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে চেষ্টা করেছেন আশরাফুল ইসলাম ও মিজু আহমেদ।
কাজী ইসমাঈল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম শুধু জনসাধারণের কবি নন, তিনি কবিদেরও কবি। তার মধ্যে রয়েছে জাতীয় চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সমাজের কালো দূর্বিপাকে জেঁকে বসা অন্ধকারাচ্ছন্ন আস্ফালনে তিনি স্নিগ্ধ ঊষালগ্নের আবহ সৃষ্টি করেছিলেন। কবিতা সাহিত্য থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে রয়েছে উনার অবাধ বিচরণ। লৌহ প্রাচীরসম দৃঢ়তা অতিক্রম করে তিনি তুলে ধরেছেন সত্যের বাণী। তাই তো নজরুলের প্রতিটি কবিতা মনে আবেশ সৃষ্টি করে। তার লেখা ‘বিদ্রোহী কবিতা’র শব্দ চয়ন যেনো প্লাবিত করে হৃদয়কে। আর শত্রুর মনে ভয়ের আবহ সৃষ্টি করে। যেই যুগে বইয়ের কালো কালির মতো মানুষের মন কালো হয়ে যাচ্ছে সেই যুগে নজরুলের কবিতাগুলো নবপ্রভাতের সূচনা করে। তাই তো উনার কবিতা টিকে আছে আজও সবার হৃদয়ের কুঠিরে।
তানজিন পান্না, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম একটি অপার প্রতিভার নাম। প্রাতিষ্ঠানিক শিক্ষা যে মানুষের যোগ্যতার মাপকাঠি হতে পারে না এটি তাকে দেখলে বোঝা যায়। তার কবিতা, গানে যে ছন্দ আর সুর তৈরি করে দিয়ে গেছেন তিনি যুগের পর যুগ তা বেঁচে থাকবে আমাদের মনে।
মো: আশিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে।
মো:মাহারুফ ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
কবি কাজী নজরুল ইসলামকে কেউ চেনেন বিদ্রোহী কবি হিসেবে, কেউ চেনেন প্রেমের কবি হিসেবে। নজরুল ইসলাম বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষকে আলোড়িত এবং আন্দোলিত করেছেন। কিন্তু তিনি শিক্ষার্থীদের কাছে বিদ্রোহী এবং সাম্যের কবি হিসেবেই বেশি পরিচিত।
মোঃ তারিকুজ্জামান রিদয়, ইসলামী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম তার শক্তিশালী এবং বিপ্লবী কবিতার জন্য বিখ্যাত যা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছিলো। তিনি তার লেখার মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা স্বাধীনতা, সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে ছিল। তার কবিতায় প্রেম, দেশপ্রেম, মানবতাবাদ এবং ধর্মীয় সম্প্রীতির বিষয়বস্তু উঠে আসে।
