চারদিক২৪ ডেস্ক:
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ সেমিস্টারের মেধাবী ছাত্রী ও বাংলাদেশ ভূমিহীন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের জ্যেষ্ঠ কন্যা শোভা রাজমিন হুসনাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন সমিতি (বাভূস)।
বাভুস’র সাধারণ সম্পাদক সুবল সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম পথিক, শ্রমিক নেতা হারুন অর রশীদ ভূইয়া, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, শ্রমিক নেত্রী শামীম আরা, শ্রমিক নেতা এএএম ফয়েজ হোসেন, বাভুস নেতা নাজমুল আলম, নুরুল ইসলাম রিন্টু, সিদ্দিকুল ইসলাম, মঞ্জুরুল আলম মিলন, মঞ্জুর হাবিব, আজিজুল হক, মো. শামিম হোসেন, হাফিজুল ইসলাম ও শোভার মা লতিফা হেলেনা প্রমুখ।
বক্তারা মেধাবী ছাত্রী শোভা রাজমিনের হত্যাকারী স্বামী রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শোভার পিতা আব্দুল হালিম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য তার স্বামী রবিউল ইসলাম পিটিয়ে হত্যা করেছে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে গাজীপুরের একটি ভাড়া বাড়িতে শোভা রাজমিনকে নির্মমভাবে হত্যা করে ঘাতক রবিউল ইসলাম। মৃত্যুর পূর্বে শোভা তার মায়ের সাথে আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই বলেও আর্তনাদ করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন সমিতি ও ঢাকাস্থ মেহেরপুরের বিক্ষুব্ধ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
