নারীর স্বাস্থ্য সচেতনতা: স্টামফোর্ডে ‘পাওয়ার অব শী’-এর উদ্যোগে আলোচনা সভা

শিক্ষা স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট

নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পাওয়ার অব শী ট্রাস্ট’-এর উদ্যোগে ‘নারী স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান: পিসিওএস ও স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও নুভিস্তা ফার্মা লিমিটেড।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পাওয়ার অব শী ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, ‘নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করা সময়ের দাবি। পিসিওএস ও স্তন ক্যান্সার সম্পর্কে জানার পাশাপাশি প্রতিরোধের পথও জানতে হবে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা ও রেজিস্ট্রার মো. আব্দুল মতিন নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এমন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসি বলেন, ‘পিসিওএস শুধু প্রজনন নয়, নারীর সার্বিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি জটিল অবস্থা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শে এটি নিয়ন্ত্রণ সম্ভব।’

এরপর বাংলাদেশ স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি প্রফেসর রওশান আরা বেগম বলেন, ‘নারীরা প্রায়ই নিজেদের অসুস্থতা নিয়ে চুপ করে থাকেন। এই নীরবতা ভাঙতে হবে।’

দ্বিতীয় পর্বে ডা. তাসনুভা মাহজাবীন স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন। এ সময় দুইজন ক্যান্সার সারভাইভার—সানজিদা খানম অনিরায়না মাহমুদ—নিজেদের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিতদের অনুপ্রাণিত করে।

প্রফেসর শামসাদ জাহান শেলি বলেন, ‘স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা সবচেয়ে কার্যকর উপায়।’ পরে ডা. জামান উম্মে হুমায়রা ক্যান্সার চিকিৎসা-পরবর্তী মানসিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রফেসর সামিনা চৌধুরীও। তিনি বলেন, ‘নারীর স্বাস্থ্য রক্ষায় পরিবার, সমাজ ও কর্মক্ষেত্র—সব জায়গায় সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা জরুরি।’ অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী ও স্ট্যামফোর্ডের সাবেক শিক্ষার্থী জিনাত শানু স্বাগতা, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, শান্তা কবিরসহ বেশ কয়েকজন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এছাড়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী প্রযোজক নায়লা পিয়া ও সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট ফারহানা রহমান নারী স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন।

২০১৭ সাল থেকে পাওয়ার অব শী ট্রাস্ট নারীর স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *