নাইমুল ইসলাম রাতুল
ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। পদ্মা আর ধলেশ্বরীর বুকজুড়ে কুয়াশার পাতলা চাদর। নদীর পাড় ঘেঁষে হাঁটছেন কৃষক, কাঁধে কোদাল। দূরে কোনো হাটে দোকানের ঝাঁপ উঠছে, কাঠের করাতে পড়ছে প্রথম শব্দ। শহর থেকে গ্রাম ,সবখানেই যেন শুরু হচ্ছে আরেকটি কর্মব্যস্ত দিন। নদীঘেরা মুন্সীগঞ্জে জীবন প্রতিদিন এভাবেই জেগে ওঠে শ্রম, স্বপ্ন আর সংগ্রামের ছন্দে।

রাজধানী ঢাকার একেবারে কাছেই অবস্থান মুন্সীগঞ্জের। পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর পলিমাটি যেমন এ জেলার জমিকে করেছে উর্বর, তেমনি ইতিহাস, সংস্কৃতি ও মানুষের পরিশ্রম গড়ে তুলেছে এর স্বতন্ত্র পরিচয়। কৃষি, ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্য, মৃৎশিল্প কিংবা ঐতিহ্যবাহী মিষ্টান্ন ,সব মিলিয়ে মুন্সীগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি মানুষের জীবন-জীবিকার এক বহুমাত্রিক গল্প।
আলুর মাঠে বছরের স্বপ্ন
দেশজুড়ে মুন্সীগঞ্জের আরেকটি পরিচয় ‘আলুর জেলা’। শীতের সকালে বিস্তীর্ণ মাঠজুড়ে চোখে পড়ে সবুজ আলুগাছের সমারোহ। কৃষকদের কাছে আলু শুধু একটি ফসল নয়; এটি বছরের সঞ্চয়, পরিবারের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার ভরসা।
বীজ রোপণ থেকে শুরু করে সেচ, পরিচর্যা, ফসল তোলা এবং বাজারজাতকরণ ,প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের শ্রম। মৌসুম এলে গ্রামের সড়কে সারি সারি ট্রাকভর্তি আলু ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে। মাঠের সেই ব্যস্ততা যেন বলে দেয়, মুন্সীগঞ্জের অর্থনীতির বড় একটি অংশ এখনও কৃষির ওপর দাঁড়িয়ে।

কাঠের ঘরে টিকে থাকা শত বছরের ঐতিহ্য
কৃষির পাশাপাশি মুন্সীগঞ্জের আরেকটি পরিচিত শিল্প তৈরি কাঠের ঘর। জেলার বিভিন্ন এলাকায় দক্ষ কারিগরেরা কাঠ কেটে, জোড়া লাগিয়ে তৈরি করেন বসবাসের উপযোগী ঘর। শহর কিংবা গ্রামের অনেক মানুষ এখনো প্রস্তুত কাঠের ঘর কিনে নিয়ে যান নিজেদের প্রয়োজন অনুযায়ী।
এই পেশার সঙ্গে শত বছরেরও বেশি সময় ধরে যুক্ত ব্যবসায়ী জামাল মৃধা। তিনি জানান, পূর্বপুরুষদের হাত ধরেই তাঁদের পরিবারের এই ব্যবসার শুরু। সময়ের সঙ্গে মানুষের আবাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে, বেড়েছে পাকা দালানের ব্যবহার। ফলে কাঠের ঘরের চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে। তবুও নান্দনিক নকশা, কারুকাজ আর ঐতিহ্যের কারণে এসব ঘরের প্রতি আগ্রহ এখনো রয়েছে। আকার ও নকশাভেদে একটি কাঠের ঘরের দাম ৪ লাখ টাকা থেকে ১০–১২ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এই শিল্প শুধু একটি ঐতিহ্যই নয়; বহু মানুষের কর্মসংস্থানেরও উৎস।

মিষ্টির সুবাসে পরিচিত এক জেলা
মুন্সীগঞ্জের নাম উচ্চারণ করলেই অনেকের মনে ভেসে ওঠে মিষ্টির কথা। জেলার শহর ও গ্রাম ,সবখানেই রয়েছে পুরোনো ও জনপ্রিয় মিষ্টির দোকান। ছানার মিষ্টি, রসমালাইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ নিতে প্রতিদিন ভিড় করেন স্থানীয় ও বাইরের ক্রেতারা।
ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন মিষ্টি তৈরির কারিগরেরা। দুধ, ছানা আর চিনির মিশেলে তাঁদের হাতে তৈরি হয় শুধু মিষ্টি নয়, মানুষের আনন্দ ও উৎসবেরও অংশ।

মাটির শিল্পে টিকে থাকার লড়াই
মুন্সীগঞ্জের কুমোরপাড়াগুলো এখনো ধরে রেখেছে শত বছরের মৃৎশিল্পের ঐতিহ্য। চাকার ঘূর্ণনের সঙ্গে ঘুরে চলে অসংখ্য পরিবারের জীবন। মাটির কলস, হাঁড়ি, ফুলদানি কিংবা শোপিস ,প্রতিটি পণ্যের পেছনে থাকে শিল্পীর ধৈর্য আর দক্ষতা।
তবে আধুনিকতার প্রভাবে প্লাস্টিক ও অন্যান্য বিকল্প পণ্যের ব্যবহার বাড়ায় এই শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখে। তারপরও অনেক পরিবার পূর্বপুরুষদের পেশা ছাড়তে রাজি নয়। তাঁদের বিশ্বাস, ঐতিহ্য টিকিয়ে রাখার মধ্যেই রয়েছে তাঁদের পরিচয়।

শিল্প ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
শুধু কৃষি বা ঐতিহ্যনির্ভর পেশাই নয়, শিল্প ও সেবাখাতেও এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ। জেলার বিভিন্ন কারখানা, গুদাম, পরিবহন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রতিদিন কাজ করছেন হাজারো মানুষ। একই সঙ্গে শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মও নিজেদের জন্য তৈরি করছে নতুন কর্মসংস্থানের পথ।
নদী যেখানে জীবনের প্রতিচ্ছবি
দিনের শেষে সূর্য যখন পদ্মার ওপারে হারিয়ে যায়, তখন কর্মব্যস্ত মানুষেরাও ফিরে আসেন আপন ঠিকানায়। কারও হাতে থাকে মাঠের ফসল, কারও মনে ব্যবসার হিসাব, আবার কেউ ফিরেন সারাদিনের শ্রমের তৃপ্তি নিয়ে।
নদী, উর্বর মাটি, মানুষের পরিশ্রম, ঐতিহ্য আর পরিবর্তনের গল্প মিলিয়ে মুন্সীগঞ্জ এক অনন্য জনপদ। এখানে জীবন নদীর স্রোতের মতোই বহমান—কখনো শান্ত, কখনো সংগ্রামী; কিন্তু সব সময়ই এগিয়ে চলার প্রত্যয়ে ভরপুর।
