স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনামূল্যে রুশ ভাষা শেখার সুযোগ

ক্যারিয়ার বাংলাদেশ শিক্ষা

চারদিক২৪ ডেস্ক:

বাংলাদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রুশ ভাষা শেখার সুযোগ তৈরি করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ওপেন এডুকেশন ও সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় দুই মাসব্যাপী এ কোর্স আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

কোর্সটিতে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রুশ ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী সাধারণ মানুষ অংশ নিতে পারবেন। কোর্সের জন্য কোনো ফি দিতে হবে না।

সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ভাষা শিক্ষা কার্যক্রমের কাঠামো অনুসরণ করে কোর্সটির পাঠদান পরিচালিত হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।

রাশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা, একাডেমিক বিনিময় ও পেশাগত সুযোগে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক রুশ ভাষা জ্ঞান সহায়ক হতে পারে। একই সঙ্গে রুশ সংস্কৃতি ও যোগাযোগ সম্পর্কে ধারণা অর্জনের সুযোগও থাকছে কোর্সটিতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগের মাধ্যমে বিদেশি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক সম্পৃক্ততার সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা ও একাডেমিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগটি আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা, বিদেশি ভাষা শিক্ষা, শিক্ষার্থী উন্নয়ন এবং বৈশ্বিক সম্পৃক্ততার উপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে। বিশ্ববিদ্যালয়টি এর আগেও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সাথে আন্তর্জাতিক অ্যাকাডেমিক উদ্যোগ গ্রহণ করেছে এবং দ্বিতীয়বারের মতো রুশ ভাষা কোর্সের সফল আয়োজনটি গতানুগতিক শ্রেণিকক্ষ শিক্ষার বাইরে শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের অব্যাহত অঙ্গীকারকেই প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *