আবু রায়হান ইফাত:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় সাকিব আল হাসান সবার বেশি স্কোর করেছেন বলে যে খবর বেরিয়েছে, তা ঠিক নয়। বরং বিসিবির নূন্যতম স্কোর ১১-ই ছুঁতে পারেন, এমন খবর নিশ্চিত করছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
নট আউট নোমান নামের একটি ইউটিউব চ্যানেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ফোনে জানিয়েছেন, ১০.৯ স্কোর করেছেন বিশ্বসরা অলরাউন্ডার।
এর আগে এক ভিডিও বার্তায় জানান, “সাকিব আল হাসান আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে। আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে।’
‘সাকিব কাছাকাছি আছেন’ মিনহাজুল আবেদীনের এমন বক্তব্যে স্পষ্ট হয়েছিল, ১১ স্কোর গড়তে পারেননি সাকিব। তাহলে কি গ্রেস মার্ক নিয়ে পাস করলেন সাকিব? এর উত্তর মেলে প্রধান নির্বাচক এর বক্তব্যে, ‘আমার ধারণা ছিল, আরও অনেক ভালো করবেন সাকিব। তবে এটিও সত্যি, বিরতির পর ফিরে প্রথমেই ১১ করতে না পারাটা খুব অস্বাভাবিক নয়।’
নাসির হোসেন, সোহাগ গাজী, ইলিয়াস সানির মত যারা নূন্যতম স্কোর করতে পারেন নি তাদের বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ড্রাফটে রাখা হয়নি।
ফিটনেস পরীক্ষায় ১৩.৬ স্কোর নিয়ে সবার উপরে পেসার মেহেদী হাসান। ফিটনেস পরীক্ষায় ১৩.৪ স্কোর করে এখন দ্বিতীয় অবস্থানে ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। এছাড়া, ভাল করেছেন রায়হান উদ্দিন (১৩.২) রবিউল ইসলাম ও পিনাক ঘোষ (১৩)।
উল্লেখ্য, চারদিক২৪ ডট কম এ বিষয়ে ‘ফিটেস্ট সাকিব আল হাসান’ শিরোনামের খবর ছেপেছিল। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এ খবর প্রচার করেছে।
