তুহিবুল আসাদ আবীর
সবুজে মোড়া পাহাড়, আঁকাবাঁকা ঝিরি আর নির্জনতার নীরব সৌন্দর্যে ঘেরা বান্দরবান-এ যেন প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। পাহাড়ি জীবনের প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের গল্প নিয়ে; জুমচাষের ফসল, কাঠ কাটা, কিংবা দূরের হাটে যাত্রা—সবকিছুই জীবনের অপরিহার্য অংশ। দারিদ্র্য, অবহেলা এবং সীমিত সুযোগ-সুবিধার সঙ্গী হয়েও এখানকার মানুষ থেমে থাকে না। তাদের সরলতা, পরিশ্রম আর পারস্পরিক
বন্ধন জীবনের কঠিন বাস্তবতাকে সামলে নেয় অদম্য শক্তিতে।
প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জীবনে আছে আনন্দেরও এক ভিন্ন রূপ—পাহাড়ি বিকেলের মাঠে ফুটবল খেলা, ঝিরির শীতল পানিতে দিনের ক্লান্তি ধুয়ে ফেলা, কিংবা সন্ধ্যা নামলে পাড়ার সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও রয়েছে প্রতিদিনের বাঁচার লড়াই—অভাব, সুযোগের সীমাবদ্ধতা আর উন্নয়ন থেকে বিচ্ছিন্ন থাকার বেদনা। তবুও জীবনের সহজ সৌন্দর্য আর প্রকৃতির সান্নিধ্য তাদের টিকে থাকার প্রেরণা জোগায়, শেখায় প্রতিদিন নতুনভাবে শুরু করার অর্থ।

জুম ঘর: প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকা জীবিকার প্রতীক
পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক ঘর যাকে স্থানীয়রা বলে জুম ঘর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘর পাহাড়ি মানুষের বেঁচে থাকার সাক্ষী হয়ে আছে। এটি শুধু কাঠ আর বাঁশের একত্রে বাঁধা একটি ঘর নয়; এটি এক অদম্য জীবনের প্রতীক, যেখানে প্রতিটি বাঁশের ঘেরে লেখা আছে সংগ্রাম আর স্বপ্নের গল্প।
প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো পাহাড়ের ঢালে খেলা করে, তখন জুম ঘরে শুরু হয় দিনের নতুন কর্মযজ্ঞ। কেউ যায় জমিতে কাজ করতে, কেউ বীজ ছিটিয়ে দেয়, কেউ আবার গাছের আগাছা পরিষ্কার করে। বৃষ্টি, রোদ বা ঝড় কোনো বাধাই তাদের কাজ থামাতে পারে না। পাহাড়ি জীবনের এই কঠোর পরিশ্রম আর সরল জীবনযাপন এক অনন্য সংস্কৃতির জন্ম দিয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে।

ফসলের সঙ্গে শেখা, প্রকৃতির সঙ্গে বেঁচে থাকা।
পাহাড়ের পাদদেশে ছোট্ট এই ছেলেটির নাম রংপং। সে জুমের আগাছা পরিষ্কারে ব্যস্ত। তার ছোট হাতগুলো মাটির সঙ্গে খেলা করছে, আর চোখে এক ঝলক আনন্দ। প্রতিটি ফসলের যত্ন নেয়া আগাছা ছেঁড়া তার কাছে শুধু কাজ নয় বরং এটি এক বিশাল দ্বায়িত্ব সাথে প্রকৃতির সঙ্গে আলিঙ্গন।
পাথুরে পথ, হঠাৎ বৃষ্টি, কখনও কখনও ঝিরি পার হওয়া সবই তার দৈনন্দিন অভিজ্ঞতা। কিন্তু এই সব বাধার মাঝেও সে খুঁজে পায় আনন্দ। ফসলের সঙ্গে বন্ধুত্ব, মাটির সঙ্গে গল্প, পাহাড়ের বাতাসে ভেসে চলা স্বপ্ন সবকিছু মিলিয়ে তার দিনটা হয়ে ওঠে একটি ছোট্ট অভিযান।
ছেলেটির হাসি আর উজ্জ্বল চোখ দেখলেই বোঝা যায় পাহাড়ে বেঁচে থাকা মানেই শুধু জীবিকা নয়, এটি আনন্দ, ছোট ছোট গল্প আর স্বপ্নের মিলন।

ঝিরির পথ দিয়ে চলে ফসল আর গল্পের পথচলা।
দূর দূরান্ত পাড়া থেকে নারী পুরুষরা জুম ফসলের ঝুড়ি পিঠে নিয়ে ঝিরি পার করছে। তাদের গন্তব্য সেই সুদূর দুসরি বাজার। তাদের ঠোঁটের কোণে হাসি, চোখে উচ্ছ্বাস বিক্রি করতে যাচ্ছে তাদের নিজ জমির ফসল।
পানি ভিজা পাথুরে পথ, কখনও হালকা স্রোত সবই তাদের চ্যালেঞ্জ এর অংশ।
এই পথ শুধু ফসল বহনের কাজ নয়। প্রতিটি পদক্ষেপে লুকানো আছে পরিবারকে সাহায্য করার আনন্দ, একে অপরের সঙ্গে সহযোগিতা এবং পাহাড়ি জীবনের ছোট আনন্দ।
ফসলের ঝুড়ি, ঝিরির পানি, পাহাড়ের হাওয়া সবকিছু মিলিয়ে তৈরি করছে একটি জীবনযাত্রার গল্প। এই দৃশ্য আমাদের শেখায়, পাহাড়ি মানুষদের জীবন কঠিন হলেও, তাদের প্রতিটি পদক্ষেপে থাকে আশা, গল্প আর এক ধরনের সৌন্দর্য।


বাবা-মা গিয়েছে হাটে,তাই ছোট্ট তাইলব কে সামলানোর দায়িত্ব পরেছে তার দাদার
বাবা-মা হাটে গেছে, তাই ছোট্ট তাইলবের দেখভালের দায়িত্ব আজ তার দাদার কাঁধে। বয়সের ভারে ন্যুব্জ হলেও দাদার স্নেহের শক্তি অটুট। তাইলব এতটাই ছোট যে নিজের যত্ন নিতে জানে না হয়তো মাটিতে বসে খেলতে গিয়ে পড়ে যেতে পারে, অথবা অকারণে কান্না জুড়ে দিতে পারে। কিন্তু তার দাদা ঠিকই তাকে কোলে তুলে নেয়, শক্ত করে বুকে জড়িয়ে রাখে। কখনো মাথায় হাত বুলিয়ে দেয়, কখনো নিজের গলার সুরে মৃদু গান গেয়ে তাকে শান্ত রাখে।
পাহাড়ের বাতাসে দুলতে থাকা গাছের ডালে পাখির ডাক মিলিয়ে যায় দাদুর কথায়। তাইলব বোঝে না সব কথা, কিন্তু দাদুর কণ্ঠে মিশে থাকা স্নেহে যেন শান্ত হয়ে যায়। পাহাড়ের স্নিগ্ধ বাতাসে আর ঝিরির কলকল সুরে তাদের এই নীরব সম্পর্কটা যেন আরও গভীর হয়ে ওঠে।
পাহাড়ের এই জীবনে দায়িত্ব মানে শুধু কাজ নয়, এটা ভালোবাসা, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাওয়া এক গভীর বন্ধন।
বিকালবেলা, পাহারের কোণে ছোট্ট মাঠটিতে পাড়ার যুবক ছেলেরা ফুটবল খেলছে। পাথুরে মাঠ, হালকা হাওয়ায় তাদের পা-মাঠ মিলিয়ে দিচ্ছে আনন্দের স্রোত। কেউ বল নিয়ে দৌড়াচ্ছে আবার কেউ গোল করার চেষ্টা করছে, আর মাঝে মাঝে মাঠের বাহিরের সবাই উৎসাহ দিয়ে কণ্ঠ মিলাচ্ছে।

পাহাড়ি বিকেলের আনন্দ, একমাত্র ফুটবল খেলা
এই ছোট্ট মাঠই তাদের খেলার একমাত্র স্থান। ফুটবল এখানে শুধু খেলা নয় এটি সাহস, বন্ধুত্ব এবং পাহাড়ি জীবনের ছোট আনন্দের প্রকাশ। বিকালের নরম আলো তাদের ছায়া লম্বা করে, আর প্রতিটি দৌড় যেন জীবনের ছোট গল্পের মতো ফুটে ওঠে মাঠে। পাহাড়ি জীবনের কঠিনতা এই মুহূর্তে ভেসে যায়, কেবল থাকে খেলার আনন্দ এবং বন্ধুত্বের হাসি।


গহীন পাহাড়ের কোলের একমাত্র দোকান, পাহাড় জীবনের কেন্দ্রবিন্দু
গহিন পাহাড়ের কোলের ছোট্ট দোকানটি পাড়ার মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। এখানে তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয় চিনি, নুন, নাও, বা ছোট ছোট ব্যবহার্য জিনিস। দোকানটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং পাড়ার মানুষের মিলনস্থল।
সকাল বা বিকালে মানুষ আসে এখানে হালকা আলাপচারিতা করতে, একে অপরের খবর জানতে। এখানেই তৈরি হয় পাড়ার ছোট আনন্দের মুহূর্ত, যা প্রতিদিনের জীবনকে করে তোলে সুন্দর ও অর্থপূর্ণ।


মাথায় পরিবারের ভার ও কাঁধে সন্তানের, এভাবেই চলতে থাকে একজন পাহাড়ি মায়ের জীবন
পাহাড়ি জীবনের কষ্ট যেন মায়েদের কাঁধেই সবচেয়ে বেশি এসে পড়ে। মাথায় ভারী বোঝা, হাতে সংসারের কাজ আর কাঁধে নিজের সন্তান সব মিলিয়ে জীবন তার কাছে এক অবিরাম সংগ্রাম। অথচ সেই সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ।
পাহাড়ি মায়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যান জীবিকার খোঁজে। কঠিন পথ পেরিয়ে, আঁকাবাঁকা পাহাড়ি ঢালে হেঁটে চলতে চলতেই তারা সন্তানকে আঁকড়ে রাখেন বুকে। যেন পৃথিবীর সব ক্লান্তি মুছে যায় সন্তানের নিষ্পাপ হাসিতে।
এভাবেই প্রতিটি দিন একেকজন পাহাড়ি মা নিজের জীবনকে উৎসর্গ করেন পরিবারের জন্য। তার কষ্টই হয়ে ওঠে সন্তানের আশ্রয়, আর তার ঘামে ভেজা মুখেই লেখা থাকে পাহাড়ি জীবনের অদম্য গল্প।

হাট শেষ,এবার ফেরার পালা
হাট শেষ, ঝুড়ি ফাকা করে এবার ঘরে ফেরার পালা। দিনের পরিশ্রমের শেষে ফসল বিক্রি হয়ে গেছে, আর ঝুড়ি এখন শুধু হালকা পদক্ষেপের ভার বহন করছে।
পাহাড়ি পথের পাথুরে ঢাল এবং নরম সূর্যাস্তের আলোতে তাদের ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা যেন দিনের পরিশ্রমের শেষ অধ্যায়কে সোনালি করে তুলছে তাদের।
ফসল বিক্রি হয়ে যাওয়ায় ক্লান্তি আছে, কিন্তু চোখে সন্তুষ্টি। এই পথ শুধু ঘরে ফেরার নয়, এটি পরিবার, পরিশ্রম এবং পাহাড়ি জীবনের এক মধুর গল্পের অংশ। ঝুড়ি ফাকা হলেও, তাদের হৃদয়ে আজকের দিনের সফলতা এবং শান্তি ভরপুর।

পরিশ্রমের শেষে ঘরে ফিরে খাওয়ার আনন্দ
দিনের দীর্ঘ পরিশ্রম শেষে মেয়েরা একে একে ঘরে ফিরেছে। কারও হাতে এখনো মাটি লেগে আছে, কারও কাঁধে ফসল তোলার ক্লান্তি। মাটির চুলায় ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে ভাত আর ঝাল-মরিচ দিয়ে বানানো তরকারির গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো ঘরে।
খাবারের থালা সাজিয়ে সবাই মিলে বসে পড়া এটাই তাদের দিনের সেরা সময়। এক থালা গরম ভাত, পাশে পাহাড়ি ঝিরি থেকে আনা পানি আর এর সাথে চিংড়ি ও অন্যান্য গুঁড়া মাছের সমন্বয়ে তৈরী নাপ্পি দিয়ে তাদের তৃপ্তি দায়ক আহার। খাওয়ার ফাঁকে চলে গল্প, হাসির ফোয়ারা, আর পরের দিনের পরিকল্পনা। দুঃখ-কষ্টের ভারী কথাগুলোও যেন সেসব মুহূর্তে হালকা হয়ে যায়।
পাহাড়ি সন্ধ্যার নীরবতায় এই ছোট্ট মিলনক্ষণের উষ্ণতা তাদের জন্য এক অমূল্য শক্তি যেখানে ক্ষুধা মেটে শুধু ভাতের স্বাদে নয়, মেটে একসঙ্গে থাকার তৃপ্তিতেও।

রাতের বেলায় সারাদিনের ক্লান্তি শেষে পাড়ার পুরুষদের একসাথে গল্পের আসর
দিনের সব কাজ শেষে, পাড়ার মানুষ একত্র হয়ে বসে আড্ডা দিচ্ছে। কেউ হেসে গল্প করছে, কেউ হাসি মিশিয়ে ছোট ছোট ঘটনা শোনাচ্ছে। এই আড্ডা বিনোদনের পাশাপাশি পাড়ার মধ্যে বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক এবং মিলনের এক অনন্য মুহূর্ত।
পাহাড়ি জীবনের ক্লান্তি এবং কঠোরতা এই মুহূর্তে মিলেমিশে যায়, আর রাতের চাঁদনি নরম আলো ও হালকা বাতাসে ভেসে আসে হাসি আর গল্পের শব্দ। একসাথে বসে আড্ডা দেওয়া এই ছোট্ট অভ্যাসই পাহাড়ি জীবনের সৌন্দর্য, শান্তি এবং মানুষের আন্তরিকতার প্রতীক।
পাহাড়ি জীবন সহজ নয়-প্রতিটি দিন লেগে থাকে কঠোর পরিশ্রম, ক্লান্তি এবং প্রাকৃতিক চ্যালেঞ্জের সঙ্গে লড়াইয়ে। জুম ঘর থেকে ফসল, শিকারের পথ, হাট-বাজার, ছোট্ট মাঠের খেলা এবং ঝিরির পানিতে গোসল সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে তাদের আনন্দের পাশাপাশি কঠিন সংগ্রামের গল্প।
তবুও এই দুঃখ-কষ্টের মাঝেও পাহাড়িরা হার মানে না। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে শিখেছে, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, এবং ছোট ছোট মুহূর্তে খুঁজে নেয় শান্তি ও আনন্দ। হাটে ফসলের বিক্রি, মাঠে খেলার হাসি, ঝিরির জল-সবই তাদের জীবনের কঠোর বাস্তবতার সঙ্গে মিলেমিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে।
এই ফটো স্টোরি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পাহাড়ি সমাজের মানুষরা শুধুই সুখের জন্য বাঁচেন না; তারা প্রতিদিনের দুঃখ-কষ্ট ও চ্যালেঞ্জের মধ্যেও তাদের সংস্কৃতি, প্রাকৃতিক জীবন এবং সামাজিক বন্ধন অটুট রেখে চলেছেন। ছোট্ট জুম ঘর, একটিমাত্র দোকান, খেলার মাঠ, ঝিরির জল সবকিছুই তাদের জীবনের গল্প, যা শেখায় সহনশীলতা, একতার শক্তি এবং প্রকৃতির সঙ্গে মিলনের গুরুত্ব।