‘বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯’ শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর

ব্যবসা

খাদিজা ইসলাম স্বপ্না:

প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট (এসএলএসডি) ও এন অ্যাফেয়ার্স যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করবে।
শুক্রবার (২৬ জুলাই ) অনুষ্ঠিত ‘মিট দা প্রেস- এ এসএলএসডির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী ও প্লান অ্যাফেয়ার্সের সিইও কাজী ফাহরীন আল নাসিফ জানান, পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। সেগুলো হলো- শিক্ষা-বিনোদন ও নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়িক জ্ঞান সম্প্রসারণ, ব্যবসায়ে নারী নেতৃত্ব উৎসাহিত করা, পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের মাঝে সৃজনশীলতা তৈরি, ব্যবসায়িক সমাজকে সঠিকভাবে করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটির ব্যাপারে আরও সচেতন করা ও বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে চতুর্থ-পঞ্চম শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত করা।
কার্নিভালে গেস্ট অব অনার হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ।
কার্নিভালের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে আছেন, এসএলএসডির জাতীয় উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মো. মোশারফ হোসেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *