আবু সুফিয়ান জুয়েল:
আসছে ঈদ উপলক্ষ্যে সাত দিনের জন্য রাজধানীসহ সারা দেশের দোকানপাট ও শপিং মল শর্তসাপেক্ষে খুলে দেওয়া হলেও পুরোপুরিভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শুক্রবার, ঢাকার নিউমার্কেট ঘুরে দেখা যায় বেশির ভাগ দোকানেই মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। কর্মচারীরা সঠিক ভাবে মাস্ক না পরেই কথা বলছেন ক্রেতাদের সাথে।
নিউমার্কেটে দুই সন্তান নিয়ে ঈদের কেনা কাটা করতে আসা রোজিনা বেগম বলেন, ‘আসলে এখানে যে এত পরিমান মানুষের ভিড় হবে তা বুঝতে পারিনি। আগে থেকে জানলে হয়ত সন্তানদের নিয়ে আসতাম না।’

রাকিব নামের এক ক্রেতা বলেন, ‘এক বছর পর গ্রামের বাড়িতে যাবো। আর ঈদে তো খালি হাতে বাড়ি যাওয়া যায় না, তাই অনেকটা বাধ্য হয়েই এই ভিড়ের মধ্যে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি।’
তবে এত ভিড়েও বেঁচাকেনা কম জানালেন বিক্রেতা নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন। তিনি বলেন, ‘ঈদের আগে দোকান খোলতে পারবো কিনা নিশ্চিত ছিলাম না তাই নতুন কোন কাপড় দোকানে তুলতে পারিনি।’
নিউমার্কেটের আরেক ব্যাবসায়ী জসিম উদ্দিন জানান, ‘মার্কেটে প্রচুর পরিমান মানুষের ভিড় থাকলেও ক্রেতার সংখ্যা খুব কম। বেশিরভাগ লোক দরদামা করে চলে যান।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘বেশির ভাগ দোকানেই অনেক ক্রেতা আসছেন কিন্তু বিক্রি কম। কারন দোকানদাররা খুব বেশি মালামাল তোলেতে পারেননি। বিশেষ করে শাড়ি, থ্রিপিসসহ অন্যান্য পোশাক বিক্রেতারা নতুন ডিজাইনের পোশাক আনতে পারেনি।’ নতুন ডিজাইনের পোশাক না থাকায় ক্রেতারা ঘুরে চলে যাচ্ছেন বলেও জানান তিনি।
