শহীদ নূর হোসেন দিবস আজ

বাংলাদেশ

সাইমুন মুবিন পল্লব
যিনি বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে হয়ে উঠেছিলেন স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের অমূল্য প্রতীক, তিনি শহীদ নূর হোসেন । গণতন্ত্রের মুক্তির মিছিলে শামিল হয়ে ঢাকার রাজপথে শহীদ হয়েছিলেন। তাঁকে নিয়ে শামসুর রাহমান লিখেছিলেন অমর কবিতা ‘বুক তার বাংলাদেশের হৃদয়’।

১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীতে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। অপ্রতিরোধ্য রূপ লাভ করে তিন জোটের সংগ্রাম। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার সরকারের পতন ঘটে। সুগম হয় গণতন্ত্রের পথ।

নূর হোসেন ১৯৬১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। জীবিকার সন্ধানে তার পরিবার ঢাকায় এসেছিল। নূর হোসেনের পরিবার থাকত রাজধানীর পুরনো ঢাকার বনগ্রামে। নূর হোসেনের বাবা মজিবুর রহমান পেশায় ছিলেন একজন বেবিট্যাক্সি চালক। মা মরিয়ম বেগম গৃহিণী। নূর হোসেন নিজেও ছিলেন একজন পরিবহন শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *