‘স্বাগত কিংবদন্তি!’

খেলা বাংলাদেশ

আবু রায়হান ইফাত:
সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বললে অত্যূক্তি হবে না। তাই তো তার ফেরাকে স্বাগত জানিয়ে এই দুটি শব্দই লিখেছেন সতীর্থ লিটন দাস, ‘ওয়েলকাম ব্যাক লিজেন্ড’। উচ্ছাস জানিয়েছেন তার অন্য সতীর্থরাও।

ঠিক একবছর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করার অভিযোগে আইসিসি কর্তৃক এই দিনেই ক্রিকেটাঙ্গন থেকে নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তার এই অনুপুস্থিতি বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে ছিল বেদনার। তবে, সব কিছু ভুলে সাকিবের ফিরে আসায় তাই উচ্ছসিত সবাই। সাকিবের ফেরার দিনে ভক্তকুলের মত সামাজিক মাধ্যমে আবেগ প্রকাশ করেছেন সতীর্থরাও।

সাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিক লিখেছেন, ‘আমরা কিশোর বয়সে এক সঙ্গে ক্যারিয়ার শুরু করি এবং কখনোই আমাদের পেছন ফিরে তাকাতে হয়নি। গত বছর আমি যখন জানতে পারলাম যে এক বছরের জন্য আমরা ড্রেসিং রুম শেয়ার করতে পারবো না, তখন অনেক বড় একটি ধাক্কা খেয়েছিলাম।’

তিনি আরো লেখেন, ‘আমরা একসঙ্গে অনেক স্মৃতি শেয়ার করেছি। সকল ভালো সময়গুলো আমরা লালন করেছি এবং কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমি অনেক খুশি যে এই এক বছর শেষ হয়েছে এবং আমরা আবার একসঙ্গে মাঠে নামতে পারবো। তুমি সর্বদাই একজন চ্যাম্পিয়নের বেশে ফিরে এসেছ। তোমার সঙ্গে আরো ম্যাচ জেতানো জুটি গড়তে এবং জাতির জন্য আনন্দ বয়ে আনতে আমার আর তর সইছে না।’

সাকিবের সঙ্গে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’

উইকেটকিপার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে আবারো স্বাগত। বাঘের মতো গর্জন ছুঁড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন সাকিবের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে লিখেছেন– ‘এটি আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে– উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে দর্শক দেখার অপেক্ষায় রইলাম।’

ভক্তকুল এবং সর্তীর্থদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাইশ গজের মাঠে আবার ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার । বিসিবি জানিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *