মেসবাহ হাসান:
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করার জন্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে যাচাই-বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৯ নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা যাচাই-বাছাই করে তাঁদের নাম, পিতার নাম, ঠিকানাসহ মতামত প্রদানের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। কমিটি মুক্তিযুদ্ধকালীন শহীদদের মধ্যে কারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তার সংজ্ঞা নির্ধারণ করবে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে। এছাড়া অতিরিক্ত সচিব মো. শহীদুল হক ভূঁঞা এনডিসি সদস্য এবং উপসচিব রথীন্দ্র নাথ দত্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাছাই কমিটিতে গবেষক সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসির মামুন, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, নিপসম এর পরিচালক ড. বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে রয়েছেন- চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ জহির, বীরপ্রতীক।
