সাজিয়া আফরিন সৃষ্টি
জন ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রসঙ্গ অভিবাসনঃ দেশ ভাগ থেকে সাম্প্রতিককাল’ শীর্ষক
ওয়েবিনার। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই অনলাইন আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পিংকি সাহা ও মালয়শিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের গবেষক মো. শহীদুল ইসলাম খন্দকার।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সানিয়া সিতারা।
পশ্চিম বঙ্গ থেকে আগত অভিবাসী মুসলিমদের অভিজ্ঞতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পিংকি সাহা। তিনি তার বক্তব্যে দেশভাগ পরবর্তী অভিবাসন, হিন্দু-মুসলিম অভিবাসনের সংকটগুলো তুলে ধরেন। পিংকি সাহা বলেন, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে যে রাষ্ট্র তৈরি হলো তা বাস্তবায়িত হতে দেখা যায়নি। বরং অনেক মানুষ রয়েছে যাদের রাষ্ট্র ভাগের ফলে স্বপ্ন ভঙ্গ হয়েছে।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের অবস্থা নিয়ে আলোচনা করেন শহিদুল ইসলাম খন্দকার। তিনি তার বক্তব্যে অভিবাসন, সরকারের উদ্যোগ, বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক এবং শ্রমজীবীদের ইতিহাস আলোচনা করেন।
শহিদুল ইসলাম খন্দকার তার আলোচনায় মালয়েশিয়ায় অভিবাসিত শ্রমিকদের বিভিন্ন অসুবিধা যেমন, স্থায়ী বসবাস, অস্বাস্থ্যকর পরিস্থিতি, স্থানীয় ও পুলিশদের হয়রানি তুলে ধরেন। এ বিষয়ে সরকারের উন্নত পদক্ষেপ নেওয়ারও কথা বলেন তিনি।
ড. মোজাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে সাম্প্রদায়িকতা তৈরির চারটি কারণ উল্লেখ করেন। এগুলো হলো, ১.ঘৃণার ইতিহাস, ২.সংঘাত, ৩.ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ৪.দারিদ্র্য বা অর্থনৈতিক অনুন্নয়ন।
ওয়েবিনারে জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ড,মেসবাহ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.টি.এম আতিকুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
