ছালছাবিলা বিনতে মনজুর:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালে অর্থনৈতিক গতি সচল রাখতে সরকার সচেতন, তবে সবার আগে মানুষের জীবনের সুরক্ষা গুরুত্ব পাবে। এ অবস্থায় সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নবনির্মিত ২০তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনবল ও কর্ম পরিধি বাড়লেও এনএসআই প্রধান কার্যালয়ের জন্য পর্যাপ্ত স্থান সংকুলন ছিল না। কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজ ও স্পর্শকাতর গোয়েন্দা কাজ পরিচালনার স্বার্থে প্রধান কার্যালয়ে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২০১৫ সালের জানুয়ারি মাসে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করি। ধাপে ধাপে আজ এটি পূর্নাঙ্গ রূপ নিয়েছে।’
তিনি জানান, ২০ টি জেলায় ‘ইতিমধ্যে কার্যালয় ভবন নির্মাণ শেষ হয়েছে এবং প্রশিক্ষণ কেন্দ্রের কাজও চলছে।
এসময়, এনএসআই সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সাথে কর্তব্য পালন করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কর্তব্য পালনের সময় যথাযথ শৃঙ্খলা বজায় রেখে সবাই যদি নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয় সে অনুযায়ী ব্যবস্থা নিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একযুগ আগের আর বর্তমানের বাংলাদেশের অনেক তফাৎ রয়েছে। এক সময় বিশেষ করে যারা পঁচাত্তর পরবর্তীতে ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিলেন।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। গণভবন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকও অনুষ্ঠানে যুক্ত ছিলেন ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান কার্যালয় প্রান্তে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
