দীন ইসলাম ও তানজুম নিবিড়:
প্যাকেজিং কাগজের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট বন্ধসহ কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমিয়ে আনতে এবং কার্টন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া থেকে রক্ষা করতে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়।
তাদের দাবিগুলো, ১০০ শতাংশ কাগজের মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট তুলে নেওয়া, পেপার মিল মালিকদের ভ্যাট ট্যাক্স ফাঁকি বন্ধের ব্যবস্থা করা, প্রতিটি পেপার মিলের খরচ অনুপাতে উৎপাদিত কাগজের পরিমাণ নির্ণয় ও ভ্যাট ট্যাক্স ফাঁকির পরিমাণ নির্ণয় করে আইনের আওতায় আনা, প্যাকেজিং শিল্প বাঁচানোর জন্য আমদানি ক্ষেত্রে সিডি প্রত্যাহার করে কাগজের সিন্ডিকেট ভেঙে দেওয়া, ১৯১৮-১৯ অর্থবছরের আগের এআইটি আইন পুর্নবহাল করে ১০০ শতাংশ এআইটি কর্তন করা এবং সরকারের বন্ধ হয়ে যাওয়া অথবা লোকসানি কাগজকলগুলো আয় থেকে দায়শোধ প্রক্রিয়ায় কার্টন প্রস্তুতকারী সেক্টরের কাছে হস্তান্তর করা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাজাহান কামাল সাজু, সৈয়দ ফখরুল আলম, সাধারণ সম্পাদক মীর রায়হান আরিফসহ সংগঠনের প্রধান ব্যক্তিরা।
দীন ইসলাম ও তানজুম নিবিড়: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।
