দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন জানিয়েছেন, খন্দকার মুনীরুজ্জামান করোনা থেকে সেরে উঠেলেও নানা জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রমতে, জ্বরে আক্রান্ত হওয়ায় মুনিরুজ্জামানের করোনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ আসার পর তাকে প্রাথমিকভাবে বাসায় রেখে চিকিৎসা দেয়া হয়। কিন্তু গত ৩১ অক্টোবর তার শরীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে সেই রাতেই হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না আশায় তাকে পর পর দুইবার আইসিইউতে রাখতে হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ার পর তাকে কেবিনেও নেয়া হয়েছিল।
এরপর প্রায় এক যুগ ধরে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে একাধিক গণমাধ্যমে কাজ করেন এই ভারপ্রাপ্ত সম্পাদক।
খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালের ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাপ্তাহিক একতায় কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর রাজনৈতিক বিষয়ক কলাম লিখে সকলের কাছে পরিচিতি লাভ করেন। এই সময়ে বাম দলীয় রাজনীতির সাথেও জড়িত ছিলেন।
খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক শোকবার্তায় খন্দকার মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এছাড়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সেই সাথে মুনীরুজ্জামানের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোকবার্তায় খন্দকার মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
