অল্প বৃষ্টিতেই ভোগান্তিতে মেরুল বাড্ডাবাসী

বাংলাদেশ

শামস মাশরাকা :
একটু বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর মেরুল বাড্ডা এলকায়। ফলে বর্ষা মৌসুমের প্রায় ৪ মাসই চরম দূর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। প্রতি বছরই রাস্তা এবং ড্রেনগুলো সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

গত কয়েকদিনের কয়েক দফা বৃষ্টিতে পুরো এলাকার কোথাও হাঁটু পানি, আবার কোথাও তার চেয়েও বেশি পানি জমেছে। মেরুল বাড্ডার ডি আই টি প্রজেক্ট এলাকার বাসিন্দা আবদুল আজিজ বলেন, এলাকায় এক ঘন্টা বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায়, যার বড় কারণ পানি নিষ্কাশনের কোনো পথ নেই। তার মতে, মাঝে মাঝে পরিস্থিতি এত খারাপ হয় যে, রিক্সা বা যনবাহনও চলাচল করতে পারে না।

ড্রেনগুলো পরিষ্কার করা হয় না বলেই অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানালেন এলাকার আরেক বাসিন্দা মো.মুসা। সরেজমিনে দেখা গেছে, অনেক সময় পানি বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে।

ডি আই টি প্রজেক্টের বাসিন্দা মরিয়ম আক্তার বলেন, ‘এই পানির জন্য দ্বিগুন থেকে তিনগুণ ভাড়া দিয়ে আমাদের চলাচল করতে হয়। তাছাড়া, বৃষ্টি হলে ম্যানহোল গুলোর ঢাকনা সরিয়ে রাখা হয় এতে অনেক সময় ঘটছে দূর্ঘটনা।’

তবে বৃষ্টিজনিত জলবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন বাড্ডার ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে বর্ষা মৌসুমে আগে। কিন্তু কিছু কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে, আশা করছি, আগামী বছরে এলাকায় এমন জলাবদ্ধতা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *