তাজবিহ স্মরণ
দীর্ঘ দশ মাস পর মাঠে ফিরেই জয় পেল বাংলাদেশ ফুটবল দল। মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছেন নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান।
নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০১৫ সালে। সাফ ফুটবল ও এসএ গেমস ফুটবলে টানা হারের ৫ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে দারুণ এক ভলিতে নেপালের জালে বল জড়ান আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
এর আগে, ম্যাচের ৫ মিনিটে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে একটি সুযোগ হাতছাড়া হয়।।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরো কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল লাল সবুজরা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় প্রতিবারই। নেপাল দলও দুইবার আক্রমণে এসেছিল। কিন্তু বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল নেপাল। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের দৃঢ়তায় তা আর সম্ভব হয় নি। অন্যদিকে, ৭৯ মিনিটে মধ্যমাঠ থেকে সোহেল রানার থ্রু থেকে বা প্রান্ত দিয়ে বল পেয়ে জালে বল পাঠান বদলি হিসেবে মাঠে নামা মাহবুবুর রহমান সুফিল। অসাধারণ এই গোলের পর আনন্দে উদ্বেল হয়ে পড়েন সমর্থকরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া দুটি প্রীতি ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল।
