বাবা-মাকে সহযোগিতার ভাবনা থেকেই সফল উদ্যোক্তা তামান্না

ফিচার ব্যবসা

ছালছাবিলা বিনতে মনজুর:
‘খুব কম বয়সেই বিয়ে হয়ে গেছিল আমার। তবুও ইচ্ছা ছিল যেভাবেই হোক বাবা-মাকে সহযোগিতা করবো। কিন্তু সেজন্য দরকার আর্থিক স্বনির্ভরতা। সে চিন্তা থেকেই কিছু একটা শুরুর চেষ্টা।’ নিজের শুরুর গল্পটা বলছিলেন ‘আদিরা’স হোমমেইড ফুড বিডি’র সত্ত্বাধিকারী তামান্না রশিদ টুম্পা।

প্রথম যখন কাজ শুরু করেন তখন সব কাজ একাই করতেন তিনি। দুই বছর পর তার সাথে এখন কাজ করছেন আরো ১০ জন। কেউ তার রান্নাঘরের সহযোগী, কেউ পালন করছেন সরবরাহের দায়িত্ব।

তবে কাজটা সহজ নয় একেবারেই। তামান্না রশিদ টুম্পা জানাচ্ছিলেন, ‘প্রতিদিনের খাবার যেহেতু প্রতিদিন ডেলিভারী করতে হয়, তাই আগে থেকে রেডি করে রাখার সুযোগ নেই। সাথে অবশ্যই নজর রাখতে হয় খাবারের হাইজিনের (স্বাস্থ্যকর) বিষয়টি। এছাড়া অনলাইন ক্রেতাদের সাথে কথা বলা, অর্ডারগুলো নেয়া সব কিছু মিলিয়ে ২৪ ঘন্টার মধ্যে ২০/২২ ঘন্টা কাজও আমি করি অনেক সময় দিনে ১/২ ঘন্টাও ঘুমানোর সময় পাই না কোন কোন দিন।’

ছোট পরিসরে শুরু করলেও, এখন অনেকেরই আস্থা অর্জন করেছেন আদিরা’স হোমমেইড ফুড বিডি। তামান্না রশিদ টুম্পা বললেন, ‘কখনো ২০০ মানুষের খাবার ডেলিভারী থাকে, যা তিন-চারশো পর্যন্তও চলে যায়। যেগুলো বাসার পরিবেশে তৈরী করাও খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সব মিলিয়ে প্রচুর সময় এবং শ্রম দিতে হয় এই কাজে।’

তবে সাফল্যের দরজা খুলতে কম কাঠখোর পোহাতে হয়নি তার। ‘প্রথমত আমি যখন কাজটা শুরু করেছি তখন হোমমেইড ফুড এতটা ছিল না। দেখা গেছে অনেকে এটি ভালো চোখে দেখতেন না। রান্নার কাজ এটাকে ছোট করেই দেখতেন। এতে করে আত্মীয়স্বজন,পাড়া প্রতিবেশীসহ অনেকের কাছে অনেক ধরনের কথা শুনতে হয়েছে আমার’, বলছিলেন তামান্না।

তবে এখনও সবসময় যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তা হলো খাবার ডেলিভারী দেয়া। তিনি বলেন, ‘যেহেতু খাবার একটি পঁচনশীল দ্রব্য, তাই ডেলিভারী দেরী হলে নষ্ট হতে পারে। রান্নায় উনিশ-বিশ হলে খাবার নষ্ট হওয়ার ভয় তো আছেই।’

ভবিষ্যতে যারা উদ্যোক্তার খাতায় নাম লেখাতে চান তাদের জন্য কি পরামর্শ? এমন প্রশ্নের উত্তরে তামান্না রশিদ টুম্পা বলেন, ‘তাদের একটা কথাই বলব, কাজটাকে ভালোবেসে, পরিশ্রম করার মত স্বক্ষমতা এবং সততা নিয়ে শুরু করতে হবে। খাবার নিয়ে কাজ করা যত সহজ মনে হয় তত সহজ না। তবে, একাগ্রতা,কাজের প্রতি ভালোবাসা এবং সৎ নিয়ত থাকলে কোনো কাজই কঠিন না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *