রাহাত আহমেদ
লিওনেল মেসিকে ঘিরে বিশেষণের অভাব নেই। কারও কাছে তিনি ‘গোট’ (GOAT), কারও কাছে ‘এলিয়েন’। কেউ তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় বলেন, কেউবা সর্বকালের সেরার আসনে বসান। মতভেদ থাকতে পারে, কিন্তু একটি সত্য নিয়ে বিতর্কের সুযোগ খুব কম প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করা খেলোয়াড়দের তালিকায় লিওনেল মেসির অবস্থান একেবারে সামনের সারিতে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ ফুটবলারের গতি কমে, প্রভাবও ফিকে হতে থাকে। মেসির গল্পটি যেন অন্যরকম। সময়ের সঙ্গে তার খেলার ধরন বদলেছে, কিন্তু কমেনি কার্যকারিতা। বরং মাঠকে পড়ার ক্ষমতা, খেলার গতি নিয়ন্ত্রণ, মুহূর্তের মধ্যে ফাঁকা জায়গা খুঁজে নেওয়া কিংবা প্রতিরক্ষার জটিলতম দেয়াল ভেঙে সতীর্থকে সুযোগ করে দেওয়ার দক্ষতা যেন আরও পরিণত হয়েছে।


বিশ্ব ফুটবলে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে ‘এইজ ইজ লাইক ফাইন ওয়াইন;ইট গেটস বেটার উইথ টাইম.’ মেসির দীর্ঘ ক্যারিয়ার সেই কথাটিকেই যেন নতুন করে সত্য প্রমাণ করেছে। তরুণ বয়সে তিনি ছিলেন বিস্ফোরক ড্রিবলার; পরিণত বয়সে তিনি হয়ে উঠেছেন এমন এক নির্মাতা, যার একটি পাস, একটি সিদ্ধান্ত কিংবা একটি মুহূর্তের অনুপ্রেরণাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।


বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘মনুষ্য বৃদ্ধ না হইলে সৌন্দর্য প্রকাশিত হয় না।’ মেসির ফুটবলীয় পরিণতিও যেন সেই উপলব্ধিরই প্রতিফলন। বয়সের সঙ্গে সঙ্গে তার খেলায় যোগ হয়েছে ধৈর্য, প্রজ্ঞা ও গভীরতা। আর সেই সমন্বয়ই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ফুটবলের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি এসেছেন। প্রত্যেকেই নিজ নিজ সময়ে আলো ছড়িয়েছেন। কিন্তু খুব কম খেলোয়াড়ই আছেন, যাদের প্রভাব সময়ের সীমানা অতিক্রম করে। মেসি সেই বিরল ব্যতিক্রমদের একজন। তিনি শুধু রেকর্ড গড়েননি, রেকর্ডের অর্থও বদলে দিয়েছেন। গোল, অ্যাসিস্ট কিংবা ট্রফির হিসাবের বাইরে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি এমন এক ফুটবলার, যার উপস্থিতি পুরো ম্যাচের ছন্দ বদলে দিতে পারে।
সমর্থকদের কাছে মেসি শুধু একজন খেলোয়াড় নন; তিনি এক অনুভূতির নাম। তার ফুটবল কেবল চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। প্রতিটি স্পর্শ, প্রতিটি পাস, প্রতিটি সিদ্ধান্তে যেন ফুটে ওঠে বহু বছরের অভিজ্ঞতা, সৃজনশীলতা ও অসাধারণ ফুটবলবোধ।

তাই লিওনেল মেসিকে মূল্যায়ন করতে গিয়ে শুধু পরিসংখ্যানের আশ্রয় নিলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। তার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে সেই মুহূর্তগুলোতে, যখন অসম্ভবকে তিনি স্বাভাবিক করে তোলেন, আর সাধারণ একটি ম্যাচকে রূপ দেন স্মরণীয় এক শিল্পকর্মে।
হয়তো এ কারণেই ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল আন্দ্রেস মেসি কেবল একজন কিংবদন্তি নন; তিনি এমন এক অধ্যায়, যাকে ছাড়া আধুনিক ফুটবলের ইতিহাস লেখা অসম্পূর্ণ।