সবসময় আমাকে সংবাদের মধ্যে থাকতে হয় : সাক্ষাৎকারে উপস্থাপনা বিষয়ে সাবিনা স্যাবি

সাক্ষাৎকার

প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন সাবিনা স্যাবি তিনি একজন সাধারণ সংবাদ উপস্থাপিকা থেকে শুরু করে ধাপে ধাপে আপন দক্ষতা পেশাগত অঙ্গীকার দিয়ে একটি স্বনামধন্য টেলিভিশনের উপস্থাপনা বিভাগের প্রধান হিসেবে সুখ্যাতি অর্জন করেছেনঢাকা বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যথাক্রমে বাংলা সাহিত্য সাংবাদিকতা বিষয়ে দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেনবাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি তিনি এখন ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করছেনউপস্থাপনার নানাদিক নিয়ে চারদিক২৪ ডট কম এর সাথে কথা বলেছেন  তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মেহের আবীর

 

চারদিক২৪: টেলিভিশন উপস্থাপনায় ক্যারিয়ার গড়তে কীভাবে অনুপ্রাণিত হয়েছিলেন? শুরুর গল্পটা জানতে চাই।

সাবিনা স্যাবি: সাংবাদিকতায় আসবো তেমন কোনকিছু ভাবিনি। ছোটবেলা থেকে আমি শিশুদের গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠানে আংশগ্রহণ করতাম। বাংলাদেশ টেলিভিশনে প্রথম অনুষ্ঠান করেছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। কিন্তু যখন একুশে টেলিভিশন এলো তখন অনেক বেশি অনুপ্রাণিত হলাম যে, সাংবাদিকতা করতে হবে। কারণ, আমার কেনো যেনো মনে হতো মিডিয়ার অন্যান্য সেক্টরে যারা কাজ করতো যেনো কোনোভাবে তাদের একটু ইগনোর(তাচ্ছিল্য) করা হতো। কিন্তু  সাংবাদিকতা অনেক বেশি সম্মানিত একটা জায়গা। অনেক বেশি সম্মান করা হয় সাংবাদিকদের। ওই থেকেই আমার মনে হলো যে, আমি একটু  সাংবাদিকতায় আসার চেষ্টা করি। সংবাদ উপস্থাপনায় এলাম। সাংবাদিকতায় আসলে কোন জায়গাটায় যাবো আমি বুঝতে পারিনি, যেহেতু কোন গাইডলাইন ছিল না। সংবাদ উপস্থাপনাটাই মনে হলো আমার জন্য বেটার। তখন আমি সংবাদ উপস্থাপনার জন্য চেষ্টা করলাম এবং এটিএন বাংলার জন্য অডিশন দিলাম। ওখান থেকেই শুরু আমার সাংবাদিকতা।

চারদিক২৪: আপনি ইন্টারভিউ বা টক-শো শুরু করার জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করেন?

সাবিনা স্যাবি: ইন্টারভিউ বা টক-শো যেটাই আমি করি বর্তমানে, আমি যখন নিজেকে তৈরি করি, আমি প্রচুর লেখাপড়া করি। আমি এখনো অনেককে দেখেছি যে, একদম শেষ সময়ে এসে দৌড়ে গিয়ে মেকআপ নিয়ে বসে পড়ে। কিছু কিছু মানুষকে দেখেছি, সবাইকে বলবো না। কিন্তু আমার বুকে এতো সাহস নেই। আমি আমার নিজেকে তৈরি করি। যেদিন টক-শো থাকে তার আগের দিন রাত থেকে কী কী নিউজ আছে, কোন কোন চ্যানেলে কোন কোন টক-শো হচ্ছে, কি ধরনের আলোচনা হচ্ছে সেগুলোতো আমি শুনতেই থাকি। আর সকাল থেকে যে টপিকগুলো আমাদের আলোচনার জন্য ঠিক করা হয় সেই টপিকগুলো নিয়ে আমি অনেক পড়াশুনা করি।

চারদিক২৪: আপনি কীভাবে নিজেকে সংবাদ ও তথ্যের সাথে আপ-টু-ডেট রাখেন?

সাবিনা স্যাবি: সাংবাদিকতা তো আমি একদিন একটা বই পড়লাম আর সাংবাদিক হয়ে গেলাম, তা না। রাউন্ড দ্যা ইয়ার, সবসময় আমাকে সংবাদের মধ্যে থাকতে হয়, আর সাংবাদিকতার একটা বড় জায়গা হচ্ছে ‘ফ্যাক্ট’। আমি সবসময় যেকোন খবর শুনলে বিশ্বাস করি না। আমাকে ফ্যাক্ট জানতে হয়, খবরের ভেতরের খবর কী আছে সেটা জানতে চেষ্টা করি। জেনে তারপর যাচাইবাছাই করি। প্রথমে তথ্যটা জানি আমি, সঠিক তথ্য কোনটা। তখন আমি বুঝি যে আমি সঠিক তথ্যটা নিচ্ছি, আমি সঠিক তথ্য উপস্থাপন করছি। সঠিক তথ্য না জানলে আমি সঠিক তথ্য উপস্থাপন করতে পারবো না। শুধু আমি না, আমার মতো যারা এই কাজগুলো করছেন তাদের সকলকেই এই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, চলতে হবে।

চারদিক২৪: আপনার কোন গুণটা অন্য টিভি উপস্থাপকদের থেকে আপনাকে আলাদা করে বলে মনে করেন?

সাবিনা স্যাবি: আমি মনে করি প্রত্যেকটা উপস্থাপকের নিজস্ব একটা স্টাইল থাকে। সেটা কথা বলা হোক, সেটা তথ্য উপস্থাপন হোক, সুন্দর বাচনভঙ্গি হোক, উচ্চারণ হোক, তার পোশাকে হোক আর তার বডি ল্যাঙ্গুয়েজ হোক, সবকিছু মিলে একটা প্যাকেজ হয়। আমি সেই জায়গা থেকে নিজস্ব একটা স্টাইল দাঁড় করাতে চেয়েছি। আমি যখন একটা টক-শো করবো, আমার টক-শো যদি ৭টায় হয় তাহলে আমি চারটায় বাসা থেকে রওনা হয়ে যাই এবং তৈরি হয়ে রওনা হই। এমন না যে ওখানে গিয়ে তৈরি হই। অনেক আগে যাই, পড়াশোনা করি এবং নিউজ রুমের যে পরিবেশ, সবার সাথে মেশা, সেইটা করার সবসময় চেষ্টা করি। আমি মনে করি এই বিষয়গুলো আমাকে অন্যদের থেকে আলাদা করে।

চারদিক২৪: টেলিভিশনে ‘সরাসরি’ উপস্থাপনা করার সময়ে আপনার কোনো বিশেষ মুহূর্তের কথা আমাদের জানাবেন?

সাবিনা স্যাবি: আমি যখন ক্যারিয়ার শুরু করলাম তখন বেশকিছু ঘটনা পরপর ঘটেছে। বাংলা ভাইকে আটক করা হলো,  প্রতিটি জেলায় সিরিজ হামলা হলো, আবার ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাগুলো ঘটলো। তখন আমি জুনিয়র ছিলাম, এরকম বড় ইভেন্টেতো বসতে দিবে না। এই জায়গাটায় আস্থা তৈরি করতে হয়। ততোটা সময় আমিও পেরিয়ে আসিনি, আস্থার জায়গাটা তৈরি করতে পারিনি। এমন হয়েছে যে, আমি নিউজ পড়ছিলাম এবং ওইসময় ঘটনাটা ঘটেছে। তখন স্টেশনে কোনো  উপস্থাপক নেই। বাধ্য হয়ে আমাকে বসাতে হয়েছে। আমার জন্য এটা  অনেক বড় চ্যালেঞ্জ ছিলো। ওই নিউজগুলোর যে  উত্তাপ, নিউজের যে একটা উত্তাপ থাকে, ব্রেকিং নিউজ বা ওই ধরনের নিউজের উত্তাপ নিয়ে সুন্দর করে উপস্থাপনা করে দর্শকদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া, তথ্যটা পৌঁছে দেওয়া, সেইটা আমার মনে হয় করতে পেরেছিলাম দেখে আজকে আমি এখানে, এটাই আমার ইউটার্ন পয়েন্ট।

চারদিক২৪: নতুন টিভি উপস্থাপকদের জন্য আপনার পরামর্শ কী?

সাবিনা স্যাবি: আমি শুধু বলবো জানতে হবে। জানার কোনো শেষ নেই। সাংবাদিকতায় ও উপস্থাপনায় জানতে হবে, জানতে হবে, জানতে হবে। নিজেকে তৈরি করতে হবে নিজের মত করে। নিজের একটা স্টাইল তৈরি করতে হবে। নিজের ব্যক্তিত্ব, সুন্দর বাচনভঙ্গি, উচ্চারণ এবং ডেডিকেশন। কোনো কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আসলেই সেই কাজটা সুন্দরভাবে কেউ করতে পারবে না।  যেকোনো কাজই হোক, নিজেকে তৈরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *