খাদিজা ইসলাম স্বপ্না:
শরৎ মানে আকাশে সাদা মেঘের ভেলা, নদীর কূলে কাশফুল, ভোরের শিশির ভেজা শিউলিফুল আর বাঙালির হৃদয়ে উৎসবের আমেজ। রাজধানীর যান্ত্রিক জীবনে নগরবাসীকে শরৎ এর ছোঁয়া দিতে গতকাল ২ অক্টোবর (বুধবার) স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের আয়োজনে উদযাপিত হলো “শরৎ উৎসব ১৪২৬”।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী শরৎ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী নকী, নাগরিক টিভির সিইও ডাঃ আব্দুন নূর তুষার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব টেলিভিশন ও মঞ্চ নাটক অভিনেতা ঝুনা চৌধুরী, কবি ও গবেষক এবং কালের ধ্বনি পত্রিকার সম্পাদক ইমরান মাহফুজ, কিংবদন্তি আবৃত্তিশিল্পী ও স্টামফোর্ড সাহিত্য ফোরামের উপদেষ্টা ভাস্বর বন্দ্যোপাধ্যায়, স্টামফোর্ড সাহিত্য ফোরামের কনভেনর মোকাররক হোসেন চৌধুরী সহ আরো অনেকে। অতিথিরা সকলেই শরতে বাংলার সুন্দর প্রকৃতি নিয়ে আলোচনা করেন আর শরতের শুভ্রতার মতই মনের কুটিলতা দূর করে শুভ্র মনের মানুষ হতে উৎসাহিত করেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের সভাপতি জি.এম মাহাদী হাসান এর পরিচালনায় ও সকল সদস্যদের অংশগ্রহণে উদযাপিত হয় এ উৎসব। শরৎ উৎসবে নৃত্য, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টামফোর্ডের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ সকলেই আনন্দের সাথে এই শরৎ উৎসব উপভোগ করেন।
স্টামফোর্ড সাহিত্য ফোরামের উদ্যোগে বছরব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঋতুভিত্তিক, দিবস কেন্দ্রিক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ উজ্জাপন করা হয়।
