সুপ্রভা দাস
জনপ্রিয় কবি ও সাংবাদিক জয় গোস্বামীর ৬৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা ভাষার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম শক্তিমান কবি হিসাবে সমাদৃত জয় গোস্বামী।
তার কবিতার বিখ্যাত লাইন “অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে/হৃদি ভেসে গেল অলকানন্দা জলে”র মত অনেক কবিতা ও পক্তি কবিতাপ্রেমী মানুষের মুখে ঘোরে।
প্রথম কবিতা লিখেছিলেন ১৩-১৪ বছর বয়সে। নিয়মিত কবিতা লিখতে শুরু করেন ১৬-১৭ বছর বয়সে। তিনি ছেলেবেলা থেকে খুব গান শুনতেন। গানের সুর থেকে বাণী তাকে খুব আকর্ষণ করতো। এ আকর্ষণেই তার অন্তর্জগতে কবিতার জন্ম হতে থাকে। ছেলেবেলায় এক অনুষ্ঠানে বনলতা সেন কবিতাটির আবৃত্তি শুনে কবিতার গঠন, রচনাশৈলী ও বিষয়বস্তু সম্পর্কে তার প্রথাগত ধারণা আমূল বদলে যায়। জয় গোস্বামীর ভাষায়, ‘আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি।’
১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি ‘ঘুমিয়েছ, ঝাউপাতা’ কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ‘পাগলী তোমার সঙ্গে’ কাব্য সংকলনের জন্য পান সাহিত্য অকাদেমি পুরস্কার। ‘বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা’র জন্যও পশিমবঙ্গ “বাংলা আকাদেমি পুরুঙ্কার” লাভ করেন। সত্তর দশকের দিকে তিনি কবিতা লেখা আরম্ভ করেন। এ পর্যন্ত বেরিয়েছে বিশটিরও বেশি কবিতার বই আর দশটির মত উপন্যাস। তার প্রথম লেখা প্রকাশিত হয়ছিল দেশ পত্রিকায়।