সাজিয়া আফরিন সৃষ্টি:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটোগ্রাফি ক্লাব জেআরএন ভিজ্যুয়ালস-এর আয়োজনে গত ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) অনুষ্ঠিত হল ফটোওয়াক-২০২১। মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের ৩৫ জন সদস্য অংশ নিয়েছেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও আলোকচিত্রী এইচ এস সাকিব, শরীফ সৌরভ ও ইয়ামিন মজুমদার তিনটি দলের প্রশিক্ষক ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের ফটোগ্রাফির বিভিন্ন দিক তুলে ধরেন এবং বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সাহায্য করেন।
তিনজন প্রশিক্ষক ও মেন্টরের দিকনির্দেশনা অনুযায়ী ফটোওয়াকে অংশগ্রহণকারীরা প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি ও ভিডিও ধারণ করেন।
ফটোওয়াকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদী ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ফটোগ্রাফির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের ফটোওয়াক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা ফটোগ্রাফির বিভিন্ন বিষয় যেমন, ক্যামেরা এঙ্গেল, শট, ফ্রেম, লাইট,পজিশন ইত্যাদি হাতে কলমে শিখতে পারবে।’
সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই জেআরএন ভিজ্যুয়াল ক্লাব নিয়মিতভাবে ফটোওয়াক, প্রদর্শনী এবং ফটো আড্ডার আয়োজন করে আসছে। এই লকডাউনেও অনলাইন প্রদর্শনী এবং ফটোওয়াকের আয়োজন করে ক্লাবটি, যা তরুণ আলোকচিত্রীদের সৃজন ক্ষমতা বাড়াতে এবং শিল্পবোধ আদানপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব শিগগির এই ফটোওয়াকের ছবিগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।’
ফটোওয়াকের মেন্টর এইচ এস সাকিব বলেন, ‘ছবি তোলার জন্য দুই চোখের বাহিরেও একটি তৃতীয় চোখের প্রয়োজন হয়। যে চোখ আমি ফটোওয়াকে আসা অনেক শিক্ষার্থীর মধ্যে দেখতে পেয়েছি। এখন তারা নিয়মিত ফটোগ্রাফির চর্চা চালিয়ে গেলে আশাকরি ভবিষ্যতে ভালো মানের ফটোগ্রাফার হয়ে উঠবেন এবং আমি আশা করবো জেআরএন ভিজ্যুয়াল এরকম উদ্যোগ ভবিষ্যতে গ্রহণ করবে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মেন্টর শরীফ সৌরভ বলেন, ‘ফটোগ্রাফি কিংবা ভিজ্যুয়াল কাজ এক ধরনের অনুভূতি। ফটোওয়াকে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে অংশগ্রহণকারীরা পরস্পরের সাথে ফ্রেমের পয়েন্ট অব ভিউ শেয়ার করেন, যার ফলে নতুন ফ্রেমিং,কম্পোজিশন এর ধারণা পান ছবিপ্রেমিরা।’
ফটোওয়াক অনুষ্ঠানটির সহযোগী আয়োজক হিসেবে ছিল ‘ডেড এলিফ্যান্ট ফিল্মস’।
