গাজী সানজিদা ও মোহাম্মদ সাব্বির:
প্রতিষ্ঠার দুই বছরে নিজেদের সক্রিয়তা প্রমান করতে সক্ষম হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাংবাদিক সংগঠনসমূহের মধ্যে এখন সুপরিচিত এই নাম। পেশাদার সাংবাদিকতার উন্নয়নে আগামীতেও গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফোরাম। মঙ্গলবার, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
ফোরামের ফেসবুক পেজে আয়োজিত আলোচনায়, উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, কো-কনভেনর তপন মাহমুদ লিমন, সাবেক সভাপতি সাইফুল মাসুম, সভাপতি হাসান ওয়ালী। ফোরামের সহসভাপতি মিসবাহ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ড. ফারাহনাজ ফিরোজ বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধুমাত্র এটা ছিল না যে এই ফোরাম বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবে, আমাদের মূল ভাবনা ছিল, ফোরামের সদস্যরা এখান থেকে জ্ঞান আহরণ করতে পারবে, কিছু শিখতে পারবে। তবে, আমি আশা করছি, ফোরামের সদস্যরা তাদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক প্রচারের কাজকেও এগিয়ে নিয়ে যাবে।’
এ সময় অন্যান্য আলোচকরাও সাংবাদিক ফোরামের অতীতের কর্মকাণ্ডের প্রশংসা করে আগামীর পথচলায় পরামর্শ দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রসঙ্গে সভাপতি হাসান ওয়ালী বলেন, ‘করোনার কারণে আমাদের সব আয়োজন ভেস্তে গেছে। তবে এর মধ্যেও সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকরা যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অনলাইনে আমরা কয়েকটি সেশন করবো, যাতে প্রতিষ্ঠাকালীন সদস্যরা কথা বলবেন। সবার পরামর্শ নিয়েই সাংবাদিক ফোরাম এগিয়ে যাবে।’
২০১৯ সালের ৬ এপ্রিল যাত্রা শুরু করে গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের এই সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নানান আয়োজন হাতে নিলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে চলছে সীমিত পরিসরের আয়োজন। অনলাইনে উদযাপনের জন্য বেশকিছু কর্মসূচী গ্রহণ করেছে সংগঠনটি।
