তানভীর সিদ্দিক টিপু
২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ভারতের ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। ফিল্মফেয়ারের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে দুটো ছবির জন্য একই বিভাগে মনোনয়ন পেয়ে পুরস্কৃত হলেন কেউ।
পুরস্কার পাওয়ার ব্যাপারে এই অভিনেত্রী বলেছিলেন, তিনি শিল্পীসত্তার ক্ষুধা মেটাতে কাজ করেন। পুরস্কার পেলে উচ্ছ্বসিত হন না, না পেলে বিমর্ষ হন না। তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে কাজ করে এ রকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যাঁরা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যারা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’

বাবা বীর মুক্তিযোদ্ধা ও মা শিক্ষিকা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জয়া সবার বড়। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকায় দক্ষতা রয়েছে জয়া আহসানের। নাটকের পাশাপাশি ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে জয়ার চলচ্চিত্রে অভিষেক। এরপর নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ তাঁকে আবারও আলোচনায় নিয়ে আসে।
দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন তিনিও আচমকাই অভিনেত্রী। জয়া অভিনয়কে আবিষ্কার করেনি, অভিনয় খুঁজে নিয়েছে তাকে। এক দিনের জন্যও তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। তার বর্ণিল এই পথচলায় হয়েছেন অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, নেপথ্য গায়িকা।
সতেরো বছরের অভিনয় জীবন নিয়ে জয়া বলেন, ‘আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়। সতেরো বছরে অনেকবার পড়ে গিয়েছি, হোঁচট খেয়েছি। আবার উঠেও দাঁড়িয়েছি। আমার ছিল জেদ। অভিনয় করতে এসে আমি কোনো কিছুকে বাধা হিসেবে দেখিনি। সবটাই আমার অভিজ্ঞতা।
অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। ‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। ‘বিজয়া’র প্রিক্যুয়েল ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান।
তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে এখন পর্যন্ত তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
ছবি: জয়া আহসানের ফেসবুক পেজ থেকে নেয়া।
