ফাইজুল ইসলাম ফাহিম:
প্রথমবারের মত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গোপালগঞ্জের ৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেন, সাংস্কৃতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এই জন্য তিনি দেশের সকল মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাদের এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, সংস্কৃতি চর্চা করতে গিয়ে কেউ যেনো অপসংস্কৃতিতে জড়িয়ে না পরে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এসময় তিনি মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চা বাড়ানোর চন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সকল জেলার শিল্পকলা একডেমিকে নির্দেশ দেন।
শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, সংগীত, গজল, হামদ ও নাত, নাটিকা ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
