তাজবীহ স্বরণ ও সানজিদা পারভীন:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিতর্কিত ব্যক্তিকে খতিব করা হয়েছে অভিযোগ করে তার নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। শনিবার (২এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগ কোনো মতে মেনে নেয়া হবে না।নবীদ্রোহী, অলি-আউলিয়া বিদ্বেষী; সর্বোপরি আপাদমস্তক বিতর্কিত ব্যক্তি রুহুল আমিনকে এপদে আসীন করার সিদ্ধান্ত এদেশের সুফীবাদী মানুষের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে।অবিলম্বে তার নাম প্রত্যাহার করে সুফীবাদী ঘরানার প্রাতিষ্ঠানিক কোনো বরেণ্য আলেমকে নিয়োগ করতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত খতিব এককালীন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা ও কুখ্যাত রাজাকারের সন্তান।তিনি মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগকে ভোট না দেওয়ার জন্য ফতোয়া দিয়েছিলেন।আমরা এই কুখ্যাত লোকের নিয়োগ বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।যদি এই নিয়োগ বাতিল করা না হয় তাহলে ভবিষ্যতে আরো ব্যাপক কর্মসূচি অব্যাহত রাখব।’
নিয়োগ প্রক্রিয়ায় স্বেচ্ছাচারিতার প্রশ্ন তুলে বক্তারা বলেন, ‘রাতের আঁধারে বির্তকিত ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষিত, আলেমদার, সর্বজন গ্রহণযোগ্য কাউকে কেন নিয়োগ দেয়া হলো না? এটা আমাদের কি বার্তা দেয়? রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। আজকে মসজিদ, মাদ্রাসা, খানকা, প্রতিটি ইসলামি দরবারগুলো ভারাক্রান্ত।’
আহলে সুন্নাত নেতা অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মুহিউদ্দীন হামেদী, অ্যাডভোকেট হেলালউদ্দীন, মীর মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, এডভোকেট আবুল কালাম আজাদ, মাওলানা মোস্তাক আহমদ আশরাফী, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুফতি জাহিদুর রহমান, মাওলানা আব্দুল হাই আমজাদী, মুহাম্মদ আমানউল্লাহ, মোহাম্মদ শাফায়াত উল্লাহ, ইমাম হুসাইন রেযা, হাফেজ জাবের হোসাইন প্রমুখ।
তাজবীহ স্বরণ ও সানজিদা পারভীন: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭২তম ব্যাচের শিক্ষার্থী।
