ডেস্ক রিপোর্ট
ফটোগ্রাফির কারিগরি দক্ষতা, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নানা কৌশল নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিয়ন্ড দ্য লেন্স: আ ফটোগ্রাফি লার্নিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক কর্মশালা।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিভাগীয় সংগঠন জেআরএন ভিজ্যুয়ালস ক্লাবের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও ফটোসাংবাদিক রাকিবুল আলম খান। নিজের পেশাগত অভিজ্ঞতা ও আলোকচিত্রের উদাহরণ তুলে ধরে তিনি ছবি ধারণের কৌশল, ফ্রেম নির্বাচন, ভিজ্যুয়াল কম্পোজিশন এবং ছবির মাধ্যমে গল্প বলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


এ সময় ব্যালান্সিং এলিমেন্টস, লিডিং লাইনস, ভিউপয়েন্ট, ব্যাকগ্রাউন্ড, ডেপথ অব ফিল্ড, রুল অব স্পেস ও জাক্সটাপজিশনের মতো গুরুত্বপূর্ণ কম্পোজিশন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি ছবি তোলার আগে পরিবেশ পর্যবেক্ষণ, আলোর অবস্থান, সাবজেক্ট নির্বাচন ও ক্যামেরার সেটআপের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রশিক্ষক।

ফটোগ্রাফির কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিক আলোকচিত্র চর্চার বিষয়েও আলোচনা করা হয় কর্মশালায়। মানুষের ছবি ধারণ ও প্রকাশের ক্ষেত্রে সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তির মর্যাদা এবং বাস্তবতার যথাযথ উপস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান, সহযোগী অধ্যাপক মোসররফ হোসেন এবং সহকারী অধ্যাপক সামিয়া আসাদি।
কর্মশালায় অংশ নেওয়া ৮৫ ব্যাচের শিক্ষার্থী অর্পা ধর বলেন, এ আয়োজন তাঁদের শুধু ছবি তোলার কৌশল শেখায়নি, বরং একটি ফ্রেমের মধ্যে থাকা বিষয়, দৃষ্টিভঙ্গি ও গল্পকে নতুনভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করেছে।
আয়োজকদের পক্ষ থেকে তুহিব্বুল আসাদ আবীর জানান, শিক্ষার্থীদের শুধু ভালো ছবি তোলার কৌশল শেখানো নয়, বরং পর্যবেক্ষণক্ষমতা, সৃজনশীল চিন্তা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের অভ্যাস গড়ে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য। একই সঙ্গে একাডেমিক জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের দক্ষতা বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে।


কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
