হচ্ছেনা এইচএসসি পরীক্ষা, বিশেষ মূল্যায়নে ফল ডিসেম্বরে

বাংলাদেশ শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবছর মূল্যায়ন করা হবে এইচএসসি পরীক্ষার্থীদের । ফল প্রকাশ হবে ডিসেম্বরের মধ্যে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, আন্তর্জাতিক মান বজায় রেখেই মূল্যায়ন করা হবে।
করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণি পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
অনলাইন ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, শিক্ষা বোর্ডের চেয়াম্যানরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *