মোহম্মদ সাব্বির:
অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার বিলাস শংকর দেশমুখা (৩৮), একই জেলার বাসন্ত সামভজি মোহিতি (২৫) ও জাবেদ আহমদ মুলানী (২৬)।
র্যাব জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় যাত্রী ছাউনীর সামনে তিনজনকে দেখে গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়।
তবে, বাংলাদেশে থাকার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে নেই। তাদের কাছ থেকে কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। জানা যায়, তারা হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করছেন। বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করে গলিয়ে বিক্রয় করেন।
র্যাব-১৪’র কম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের সম্পর্কে আরো খোঁজ নেওয়া হচ্ছে।