‘মা ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না’

ফিচার

ইন্দ্রাণী মল্লিক

মা মানেই অসীম, চিরন্তন আত্মত্যাগ, ভালোবাসার এক মমতাময়ী প্রতিমূর্তি। তাইতো কাজী কাদের নেওয়াজ বলেছেন, ‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে মধুর নাম ‍ত্রিভূবনে নাই।’

মা দিবসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা তাসনিম স্বপ্নিল বলেছেন, ‘আমার মা ছাড়া আমি অচল।সকালে ঘুম থেকে উঠে যাকে খুঁজি সে হচ্ছে মা। এক গ্লাস পানি থেকে শুরু করে একটা সেদ্ধ ডিম সব মায়ের হাতের হওয়া চাই। আমার এক বান্ধবীর মা করোনাকালে মারা যায়। আমি ভেবেই পাই না মা ছাড়া ওর জীবনটা কতটা নিষ্প্রাণ। আমার মা ছাড়া আমি আমার একটি দিনও কল্পনাই করতে পারি না।’

ছোটবেলা থেকে এতদূর ঠেলে নিয়ে এসেছে একজনই। তিনি হলেন আমার মা রাজমীন সুলতানা বলছিলেন লালমাটিয়া মহিলা কলেজ শিক্ষার্থী সাফিনা তায়েবী। তিনি বলেন, ‘যখন সবার মন থেকে আমার প্রতি আস্থা হারিয়ে ফেলি, তখন ‘পরিশ্রম করলেই তুই পারবি’ বলা মানুষটা আমার মা। যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যাই, এক হাতে ঝাড়ু আরেক হাতে ভাতের প্লেট নিয়ে আমার রুমে আসা মানুষটা আমার মা। জীবনের মূল সময়ে ভালো সুযোগ গুলো ছেড়ে দেওয়া মানুষটাও আমার মা। শুধু তার সব ছেলেমেয়েদের একসাথে বড় হতে দেখবে বলে। অসুখে পাশে থাকা থেকে শুরু করে কাপড় কাটার কাচি দিয়ে আমার চুল কেটে স্টাইল করে দেওয়া মানুষটাও আমার মা। ‘আম্মু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে থেকে শুরু করে জানো আম্মু আজকে কি হয়েছে?’ এখন পর্যন্ত আমার পুরো জীবনটাই আমার মা। এই মানুষটা ছাড়া আমি অচল। আমার পুরো ২২ বছরের জীবনে সবচেয়ে বাজে সময়গুলোতে পাশে পেয়েছি মাকে। কখনো আমার উপর হাল ছেড়ে দেয়নি। কখনও না।পৃথিবীর সব থেকে সুন্দর স্বস্তিদায়ক ঘ্রাণ যেন আমার মায়ের শরীরে। আজও এই যান্ত্রিক শহর বেশি পীড়া দিলে ছুটে যাই মায়ের কাছে।’

প্রতিদিনই মায়ের দিন মনে করেন হোম ইকোনমিক্সের নুসরাত জাহান ফারিহা। তিনি বলেন, ‘মা ছাড়া চলতে পারি না, মা ছাড়া কিছু কল্পনাও করতে পারি না। আমি প্রায় সব কাজই মায়ের মতো করার চেষ্টায় থাকি। হয়ত মুখে সেভাবে বলা হয় না কিন্তু সব কাজেই মা কে প্রয়োজন। যখনই মনে হয় কিছু ভুল হচ্ছে, মা নিমিষেই সব ঠিক করে দেয়। জীবনে মায়ের জায়গা তো কেউ নিতে পারেনা। তাই প্রতিটা দিনকেই মায়ের দিন করার চেষ্টায় থাকি।’

ইরতিজা জান্নাত মীম স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন, ‘মা শব্দটি অতি ছোট্ট কিন্তু এর গভীরতা অনেক। মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠে। আমি যেদিন প্রথম মা বলে ডেকেছিলাম সেদিন আমার মায়ের খুশির অন্ত ছিল না। মায়ের হাত ধরেই গুটি গুটি পায়ে বেড়ে উঠেছি ঠিকই কিন্তু বড় হয়ে উঠতে পারিনি । তাই আজও আমার চলার পথে মায়ের ছত্রছায়া খুব প্রয়োজন। সবার মা-ই সবার কাছে শ্রেষ্ঠ মা তেমনি আমার মা ও আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। অনেক ভালোবাসি আমার মা কে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *