নিজস্ব প্রতিবেদক: ‘সম্পাদক হিসেবে আমাকে উদ্যোক্তা, সংবাদকর্মী ও পাঠকের মধ্যে সমন্বয় করতে হয়। আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক সময় ছাড়ও দিতে হয়।’ দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি ‘মিট দ্য এডিটর’ অনুষ্ঠানে একথাগুলো বলেন।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ছবি: প্রণয় শোভন
‘মিট দ্য এডিটর’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজ শফি তার কর্মজীবনে অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। শিক্ষার্থীদের সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার জন্য মাঠ পর্যায়ে কাজের পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমি ঢাকায় এসেছিলাম লেখক হতে। যদিও সাংবাদিকতা করা শুরু করি একেবারে মফস্বল থেকে। আমার মনে হয় সাংবাদিকতায় কাজ করতে হলে মাঠ পর্যায় থেকে কাজ শুরু করা উচিত। তাহলে ভালো কিছু করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং একটা পেশা। এই পেশায় প্রতিবন্ধকতা থাকবেই। এর মধ্যেই কাজ চালিয়ে যেতে হবে। নিজেকে প্রতিনিয়িত সময়ের সাথে খাপ খাইয়ে নিতে হবে। মেধাবী হলে অবশ্যই নিজেকে ভালো জায়গায় নেওয়া সম্ভব।’

ছবি: প্রণয় শোভন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সৈয়দা আখতার জাহান ও তপন মাহমুদ, সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের প্রধান সিরাজুল ইসলাম আবেদ, সমকালের সহ-সম্পাদক জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক সানমুন আহমেদ।
