তানঝুম জামান নিবিড়:
ভোট গণনা নিয়ে যে বিদ্বেষপূর্ণ জট তৈরী হয়ছে তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের আসল রূপ বেরিয়ে এসেছে বলে উপহাস করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনী। খবর এএফপির।
বুধবার রাতে এ নিয়ে এক টুইটে খোমেনী বলেন, ‘একজন বলেছেন এটা নাকি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভোট জালিয়াতি। আর এটা বলেছেন স্বয়ং প্রেসিডেন্ট! আর তার প্রতিদ্বন্দী প্রার্থী বলছেন, ট্রাম্প ভোট ছিনতাইয়ের বাসনা করেছেন। এসবই প্রমান করে আমেরিকান ভোট আর গণতন্ত্র আসলে কেমন!’

তেহরান ভোটারদের প্রভাবিত করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার চেষ্টা করেছে বলে অভিযোগ ছিল আমেরিকার। তবে, ইরান প্রকাশ্যে জোরের সাথে বলেছে যে, তারা কোনও প্রার্থীর পক্ষে নয়।
ডোনাল্ড ট্রাম্প এমন এক প্রচারণার নেতৃত্ব দিয়েছেন, যেখানে ‘সর্বোচ্চ চাপের’ অজুহাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহুপাক্ষিক চুক্তি থেকে ওয়াশিংটনকে বের করে নিয়েছেন।
অন্যদিকে, জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ২০১৫ সালে হওয়া সেই পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগদান করতে চান, যেটা বারাক ওবামার অধীনে তার ভাইস প্রেসিডন্ট থাকাকালীন হয়েছিল।
