টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী আজ

শিল্প-সাহিত্য

সাজিয়া আফরিন সৃষ্টি:
বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রযোজক ফজলে লোহানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

ফজলে লোহানী ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক এবং মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা।

সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাস করেন ফজলে লোহানী। ১৯৪৭ সালে ঢাকা থেকে ‘পূর্ব বাংলা’ নামে সাপ্তাহিক পত্রিকা এবং ১৯৪৯ এ ‘অগত্যা’ নামের একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। জন্মভূমিতে সাংবাদিক হিসেবে কয়েক বছর কাজ করার পরে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে বিবিসিতে কাজ করেন।

পরবর্তীতে দেশে ফিরে সাংবাদিক ও লেখক হিসেবেই পরিচিত পান ফজলে লোহানী। এসময়, ‘পেনশন’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি।

আশির দশকে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল ফজলে লোহানীর উপস্থাপনায় ‘যদি কিছু মনে না করেন’। এর মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রথম টিভি সুপার স্টার। তাঁর মৃত্যুর পর সাপ্তাহিক ‘সচিত্র সন্ধানী’র প্রচ্ছদ প্রতিবেদন ছিল ‘গুডবাই সুপার স্টার ফজলে লোহানী।

মেধাবী এই মানুষটির জীবনযাপন ছিল অতি সাধারণ। তিনি প্রায়ই বলতেন ‘জীবনটা খুব ছোট কিন্তু কাজ অনেক বেশি, তাই সময় নষ্ট করা ঠিক নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *