সাজিয়া আফরিন সৃষ্টি:
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, গীতিকার ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক কর্মী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬৪-তম জন্মদিন আজ। স্বৈরতন্ত্র ও মৌলবাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। নিজর কণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতাদর কাছে নিয়ে যেতে পেরেছেন, তাদের অন্যতম রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্।
কবি ১৯৫৬ সালের ১৬ অক্টোবর পিতার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে ঢাকা ওয়েস্ট অ্যন্ড হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৮৩ সালে এম এ ডিগ্রি লাভ করেন তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা ও জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআআন্দোলন, ও অসাম্প্রদায়িকতা তার কবিতায় বলিষ্ঠ ভাবে উপস্থিত।
১৯৭৯ সালে প্রকাশিত হয় কবির প্রথম কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল’। এই বইয়ে স্থান পায় তার কালজয়ী কবিতা ‘বাতাসে লাসের গন্ধ’। এছাড়া স্বর্ণগ্রাম (১৯৮১),মানুষের মানচিত্র (১৯৮৬),ছোবল (১৯৮৬),গল্প (১৯৮৭) প্রভৃতি গ্রন্থেরও লেখক রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। তার ছোটগল্প সোনালি শিশির, নাট্যকাব্য বিষ বিরিক্ষের বীজ ও বড়গল্প মনুষ্য জীবন ।
‘এ চোখে ঘুম আসে না। সারারাত আমার ঘুম আসে না-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ,
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমোতে পারিনা-’
খ্যাতিমান কবি পরিচয়ের বাইরেও আবৃত্তিকার, গীতিকার ও সুরকারও হিসেবেও তার নাম ছিল। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও “ভালো আছি ভালো থেকো ” সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। কবির কালজয়ী কবিতা, পরে সর্বাধিক জনপ্রিয় বাংলা গান “আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ” কবিকে অমরত্ব এনে দেয়। এই গানের জন্য তিনি দুই বাংলায় অনেক জনপ্রিয় ও আলোচিত হয়েছেন। ‘অন্তর বাজাও’ নামে একটি গানের দলও গড়েছিলেন তিনি।
১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতি পুরষ্কার লাভ করেন। ১৯৮১ সালের ২৯ জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন এবং ১৯৮৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন অমর এই কবি।