কমিউনিস্ট নেতা হায়দার আনোয়ার খান জুনো মারা গেছেন

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের গেরিলা যোদ্ধা, প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সাংস্কৃতিক সংগঠক হায়দার আনোয়ার খান জুনো (৭৬) আর নেই। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ১৫ সেপ্টেম্বর রাতে নিউমোনিয়ার মধ্যেই হার্ট অ্যাটাক হওয়ায় হায়দার আনোয়ার খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন হায়দার আনোয়ার খান। তার পৈতৃক বাড়ি নড়াইল জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাশ করেন। তবে স্কুল জীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পাকিস্তান আমলে ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণ করেন তিনি। তখন তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। পরে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়ন গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পান তিনি। ১৯৭৯ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হন তিনি।

মুক্তিযুদ্ধের সময় গেরিলা দলে ছিলেন হায়দার আনোয়ার। তিনি বোমা তৈরির কাজ করতেন। প্রতিরোধ যুদ্ধেও অংশ নেন এই গেরিলা।

তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *