সিসিমপুর শিশু কর্নার: বইমেলার আরেক প্রাণ

ফিচার বিনোদন শিক্ষা শিল্প-সাহিত্য

সাজনাত ছোঁয়া-

বাবা-মার হাত ধরে নানান বয়সের ছোট ছোট রঙিন প্রজাপতিদের মতো শিশুরা বইমেলায় আসছে। প্রাণবন্ত শিশুরা বাবা-মায়ের হাত ছেড়েই ছুটে যাচ্ছে সিসিমপুরের মঞ্চে। তাদের মধ্যে কেউ আবার ছুটে যাচ্ছে সিসিমপুরের শিশুচত্বরের বইয়ের স্টলগুলোতে। দুই হাত ভরে সংগ্রহ করছে তাদের পছন্দের কার্টুন চরিত্রদের বইগুলো।

শিশুচত্বরটিকে এবছরও শিশুদের মনের মতো সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে বইয়ের স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের প্রিয় কার্টুন সিরিজ ‘সিসিমপুর’ সরাসরি দেখানো হয় সেখানে। বইয়ের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টিতেই প্রতিবছর বইমেলায় শুক্রবার ও শনিবার পালিত হয় শিশুপ্রহর।

শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু সিসিমপুরের মঞ্চ সারাক্ষণই থাকে নানা বয়সী শিশুদের উচ্ছ্বাস ও কোলাহলে মুখরিত। সেখানে থাকে তাদের পছন্দের সব কার্টুন চরিত্র টুকটুকি, শিকু, ইকড়ি ও হালুমদের মজার মজার সব পরিবেশনা। ‘চলছে গাড়ি সিসিমপুরে’ এই থিম গানটির সঙ্গে নাচ পরিবেশনার পাশাপাশি তারা শিশুদের দেয় নানা শিক্ষামূলক বার্তাও।

সিসিমপুরের টুকটুকি ও হালুমদের বাস্তবে দেখে আনন্দ প্রকাশ করে শিশুরা। উল্লাস আর হাততালি দিয়ে সিসিমপুরের প্রতিটি চরিত্রকে স্বাগত জানায় তারা। পছন্দের চরিত্রগুলোর সাথে ছবি তোলার হিড়িক পড়ে যায় শিশুদের মাঝে তো কেউ কেউ আবার শুধু একবার ছুঁয়ে দেখতে চায় তাদেরকে। বাচ্চাদের সাথে তাদের দুরন্তপনায় শিশুচত্বরটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুরা মঞ্চের চারপাশে গোল হয়ে বসে এ অনুষ্ঠান উপভোগ করতে থাকে।

সিসিমপুর কেমন লেগেছে জিজ্ঞেস করতেই চার বছর বয়সী উচ্ছ্বসিত শিশু জান্নাত বলে, ‘সিসিমপুরের এখানে হালুম টুকটুকিরা এসেছে, নাচ করেছি সবাই ওরা নেচে আবার টিভিতে চলে গেছে।’

অন্যদিকে মেলায় বাচ্চাদের নিয়ে এসে বই দেখানো সিসিমপুর দেখাতে পেরে এবং শিশুদের এই উচ্ছ্বাস দেখে ভীষণ খুশি হন অভিভাবকরাও। আবার নতুন বই কেনার এক ফাঁকে শিশুপ্রহরে সিসিমপুরের শিশুচত্বরের চারপাশে ঢু মারতে দেখা যায় কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক পাঠকদেরও। তাদের কারো কাছে যেন সিসিমপুর ছিল তাদের শৈশবের সুন্দর এক স্মৃতি, শৈশবের প্রিয় বন্ধু ছিল এই ইকড়ি, টুকটুকি, হালুম, শিকুরা।

এভাবেই জমজমাট হয়ে ওঠে শিশুপ্রহরে প্রতিটি সিসিমপুরের আয়োজন। বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে শিশু-কিশোরদের এবং সকল বয়সী মানুষের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান এই অংশটি হয়ে ওঠে হাসি আনন্দে মুখরিত। শিশুপ্রহর ও সিসিমপুরের এই আয়োজনের জন্য বরাদ্দ থাকে প্রতি শুক্র ও শনিবার। এ দুইদিনে সিসিমপুর শো দেখানো হয় সকাল সাড়ে ১১টা, বেলা ৩ টা ও সন্ধ্যা ৬ টায়। এবছর বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের শিশুচত্বরে ‘সিসিমপুর মঞ্চ’ উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *