‘শান্তিতে ঘুমাও জাদুকর’

খেলা

আরিফ হাসান মাসুম:
ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে মন খারাপের কালিতে যখন বইছে শোকের তিস্তা, তখন প্রিয় মানুষটিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন এ সময়ের দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিআর সেভেন লিখেছেন, ‘আজ আমি আমার এক বন্ধুকে বিদায় জানালাম। তিনি চিরন্তন প্রতিভা। তিনি সর্বকালের সেরা, অতুলনীয় একজন জাদুকর। তিনি খুব তাড়াতাড়ি চলে গেছেন, কিন্তু একটি সীমাহীন উত্তরাধিকার রেখে গেছেন, রেখে গেছেন একটি শুন্যতা যা কখনো পূরণ হবার নয়। শান্তিতে ঘুমাও জাদুকর। তোমাকে কখনো ভোলা যাবে না।’

ডিয়েগোর মৃত্যুর খবর শোনার পরে টুইট করে লিওনেল মেসি লেখেন, ‘আর্জেন্তিনার প্রতিটি মানুষ এবং ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের দিন। দিয়েগো আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমাদের ছেড়ে কখনও যাবে না দিয়েগো। কারণ ও চিরন্তন। দিয়েগোর সঙ্গে যে সব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা আমার স্মৃতিতেই থাকবে। দিয়েগোর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই’।

এর আগে বুধবার আর্জেন্টিনার একটি রিসোর্টে ৬০ বছর বয়সে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বেশকিছু রোগে ভুগছিলেন তিনি।

চলতি মাসেও মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২ সপ্তাহ হাসপাতালে ছিলেন। শেষপর্যন্ত অস্ত্রপচার সফল হয়েছিল তার। তবে এবার আর ফিরতে পারেননি ফুটবল ঈশ্বরখ্যাত এই মহাতারকা। হাসপাতাল থেকে ফেরার মাত্র ২ সপ্তাহের মাথায়, এবার চিরকালের জন্য বিদায় নিলেন ম্যারাডোনা।

বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলো মাতিয়েছেন ম্যারাডোনা। ইতালিয়ান ক্লাব নাপোলিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলেছিলেন তিনি। তবে সব ছাপিয়ে, ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতানোর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *